ফেরদৌসী মজুমদারকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী ফেরদৌসী মজুমদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন (বাঁ থেকে) রামেন্দু মজুমদার, রোকেয়া রফিক ও জাহিদ রিপন ।  ছবি: প্রথম আলো
শিল্পী ফেরদৌসী মজুমদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন (বাঁ থেকে) রামেন্দু মজুমদার, রোকেয়া রফিক ও জাহিদ রিপন । ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে নাট্যজন ফেরদৌসী মজুমদারকে ‘মঞ্চজননী’ আখ্যায়িত করে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করল নাট্য সংগঠন স্বপ্নদল। গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি এ আয়োজনে স্বপ্নদলের নিয়মিত নাট্যকর্মীদের মায়েদেরও ‘নক্ষত্রগর্ভা-জননী’ অভিধায় সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বিশ্ব কেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার। স্বপ্নদল ছাড়াও সমমনা বেশ কয়েকটি নাট্য সংগঠন অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
দ্বিতীয় পর্বে ছিল নারীর আত্ম-অধিকার ও প্রেরণার স্মারক স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা-র বিশেষ মঞ্চায়ন। গবেষণাগার নাট্যরীতিতে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
একাডেমীর আয়োজন: নারী দিবস উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমী গত শনিবার থেকে ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। প্রথম দিন সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের পর লোকনাট্য দলের নাটক লীলাবতী আখ্যান অংশবিশেষ পরিবেশিত হয়। গতকাল রোববার দ্বিতীয় দিন একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শাহমান মৈশান রচিত লাকী ইনাম নির্দেশিত শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাটক বিদেহ মঞ্চস্থ হয়। আজ সোমবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় কোহিনূর আক্তার পরিচালিত চলচ্চিত্র হাজার বছর ধরে দেখানো হবে।