দেশের বিশিষ্ট অভিনয়শিল্পী ও নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার ৭০ বছর পেরিয়ে গেলেন। তাঁর নাট্যজীবন ও অন্যান্য ক্ষেত্রের কার্যক্রমের ওপর ভিত্তি করে অভিনেতার রঙ্গমঞ্চ নামে একটি সচিত্র বই প্রকাশিত হলো গতকাল তাঁর ৭১তম জন্মদিন উপলক্ষে।বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল বইটির প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে থিয়েটার ও শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদারের অনুরাগী ও নাট্যাকর্মীদের উপস্থিতিতে মিলনায়তন ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদারকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান ম. হামিদ, আমানুল হক, রশীদ হায়দার, নাসিরউদ্দিন ইউসুফ, কেরামত মওলা প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত নাট্যকার আতিকুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য দেন ত্রপা মজুমদার। আলোচনা করেন ম. হামিদ, এম এম আকাশ, আব্দুল কাদের, হাসান আরিফ প্রমুখ। বইটিতে পাঁচটি প্রবন্ধ ও তাঁর কর্মজীবনের বিভিন্ন মুহূর্তের আলোকচিত্র রয়েছে।তৃতীয় যাত্রা উত্সববাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে তিন দিনব্যাপী তৃতীয় যাত্রা উত্সবের আয়োজন করা হয়েছে। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে প্রতিদিন বেলা তিনটা থেকে চারটা, বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা,সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটা এবং সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চারটি পালা পরিবেশিত হবে।যাত্রাশিল্পের সমস্যার স্থায়ী সমাধান ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালার অনুসারে এই উত্সবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ২০১২-২০১৩ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় যাত্রা উত্সবে অংশ নেওয়া ১০টি যাত্রা দলকে নিবন্ধন সনদ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় যাত্রা উত্সব।একাডেমি সূত্রে জানা গেছে, এবারের উত্সবে নিবন্ধনের জন্য ২৩টি দল আবেদন করে। এর মধ্যে ১২টি যাত্রা দল উত্সবে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।জাতীয় চারুকলা প্রদর্শনীআগামী শনিবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা গ্যালারিতে শুরু হচ্ছে ‘২০তম জাতীয় চারুকলা প্রদর্শনী’। চলবে ১২ জুলাই পর্যন্ত। চিত্রশালা মিলনায়তনে বিকেল পাঁচটায় জাতীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন এবং বিজয়ী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্য, বুনন, মিশ্র মাধ্যম, স্থাপনা ও স্থাপনা ভিডিওসহ ২৫৫ জন শিল্পীর ২৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।বাংলা একাডেমীতে সুকান্ত স্মরণবাংলা একাডেমী আজ বৃহস্পতিবার বিকেল চারটায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক আলতাফ হোসেন। সভায় ‘সুকান্ত ভট্টাচার্য: বাম রেনেসাঁসের কবি-দিশারি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনা করবেন কবি অসীম সাহা ও অধ্যাপক বদিউর রহমান। সভাপতিত্ব করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।কায়ার ১০ বছরযাত্রাপথের ১০ বছর পূর্ণ করল গ্যালারি কায়া। ১০ বছর পূর্তি উপলক্ষে দেশের প্রবীণ ও নবীন ৩০ শিল্পীর এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘গ্লিম্পসেস’ নামের এই প্রদর্শনী উত্সর্গ করা হয়েছে শিল্পী আমিনুল ইসলাম ও নিতুন কুন্ডুর স্মৃতির প্রতি। প্রদর্শনী শুরু হবে ২১ জুন শুক্রবার, উদ্বোধন বিকেল সাড়ে পাঁচটায়। চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির গ্যালারি কায়ায় এই প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।