ফেরদৌসীর জায়গায় ত্রপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে সাড়া জাগানো অভিনয়শিল্পী হিসেবে ফেরদৌসী মজুমদারের নাম কার না জানা। তাঁর উত্তরসূরি হিসেবে মেয়ে ত্রপা মজুমদারও কম যান না মঞ্চে। নতুন প্রজন্মের নাট্যকর্মী হিসেবে অভিনয়, নির্দেশনা—দুটোতেই আলোচনায় ত্রপা। তাই মায়ের করা বিখ্যাত চরিত্রের জায়গায় তাঁকেই মানায়। থিয়েটারের বিখ্যাত মুক্তিযুদ্ধের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়-এর ফেরদৌসী মজুমদারের করা আলোচিত মাতবরের মেয়ে চরিত্রটি এবার করছেন ত্রপা মজুমদার।ত্রপা মজুমদারের অনুভূতি কী? ‘প্রথমত, আমার ভাগ্যের ব্যাপার। এটি একটি মুক্তিযুদ্ধের নাটক এবং বলাই যায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি ঢাকার মঞ্চে মুক্তিযুদ্ধের সেরা নাটক। দ্বিতীয়ত, আমার জন্য বিরাট প্রাপ্তি হলো আমার মা যে চরিত্রটি করতেন, সেই চরিত্র আমি করছি। এই চরিত্রটি সবার কাছে মায়েরই চরিত্র হিসেবে খ্যাত হয়ে গেছে। কেননা, মা এই চরিত্রটির একটা মাইলফলক তৈরি করেছেন। সেই চরিত্র আমি করতে পারছি।’ বলছিলেন ত্রপা। কিন্তু চরিত্রটি করতে গিয়ে মায়ের কোনো প্রভাব পড়বে কি? ত্রপা বলেন, ‘কিছুটা তো পড়তেই পারে। কেননা, এই নাটকের এ পর্যন্ত প্রায় ১১০টির মতো প্রদর্শনী হয়েছে। সেই ছোটবেলা থেকেই মহড়া থেকে শুরু করে নাটকটির অনেক প্রদর্শনী দেখেছি। মায়ের সংলাপগুলো আমার মাথার মধ্যে বসে গেছে। তবে মা যে জায়গাতে চরিত্রটি নিয়ে গেছেন, সেই জায়গায় যেতে পারব কি না, জানি না। তবে চেষ্টা থাকবে।’ইতিমধ্যে ত্রপা মঞ্চে দুটি প্রদর্শনীও করে ফেলেছেন।সৈয়দ শামসুল হকের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। তবে এবার নতুন করে নির্দেশনার দায়িত্ব পালন করছেন সুদীপ চক্রবর্তী।