ফেরদৌসের উদারতার খেসারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক ফেরদৌস
চিত্রনায়ক ফেরদৌস

নতুন নির্মাতাদের প্রতি উদারতা দেখানোর কারণেই এখন তার খেসারত দিচ্ছেন বলে দাবি করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ডিজিটাল ধারার বেশির ভাগ চলচ্চিত্রনির্মাতার প্রতি সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ফেরদৌস। আবার কয়েকজন নির্মাতাদের প্রশংসাও করেছেন তিনি।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ফেরদৌস জানিয়েছেন, ‘ব্যয় কমে যাওয়ার কারণে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে ছবি নির্মাণ এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। যে কেউই এখন ছবি বানাতে চলে আসছেন, যা ৩৫ মিমি. প্রযুক্তিতে হলে অনেকেই সাহস করতেন না। আর নতুন অনেক নির্মাতার অনুরোধে ঢেঁকি গিলতে গিয়ে নিজের ক্ষতিটাই করছি, যা আমার পাশাপাশি চলচ্চিত্রের জন্যও অশুভ।’
ফেরদৌস আরও বলেন, ‘আমরা যারা অভিনয়শিল্পী, তারা সব সময় নতুন প্রজন্মের প্রতি দায়িত্বের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কিন্তু বেশির ভাগ নির্মাতাই দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করে থাকেন। তাঁদের বেশির ভাগেরই কাজ গোছানো নয়। কোনো কিছুই শিখে আসেন না তাঁরা। যে আশা নিয়ে তাঁদের সঙ্গে কাজ শুরু করি, একটা পর্যায়ে ঠিক ততটাই বিরক্তি চলে আসে তাঁদের ওপর।’
ফেরদৌস মনে করছেন, এ ধরনের অবস্থা চলতে থাকলে চলচ্চিত্রের অবস্থা এখন যেখানে আছে, সেখান থেকে আরও খারাপের দিকে দিকে যাবে।
সময়ের সঙ্গে সব ক্ষেত্রেই সম্পৃক্ত হতে হবে নতুন প্রজন্মকে। চলচ্চিত্রশিল্পেও নতুন প্রজন্মের শিল্পী এবং নির্মাতার প্রবেশ ঘটেছে। আর তাঁদের সিনিয়ররাও তাঁদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু চিত্রনায়ক ফেরদৌস চলচ্চিত্রের এই নতুন নির্মাতাদের দিকে সহযোগিতার হাত বাড়ানোর পর এখন তাঁদের ওপর অনেক বেশি বিরক্ত।

ফেরদৌস বলেন, ‘আমরাও একসময় নতুন ছিলাম। আমাদের নিয়ে অনেক সিনিয়র নির্মাতা কাজ করেছেন। আমরা তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। কিন্তু এখন আমরা যখন নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করছি, তাঁরা ঠিক ততটাই হতাশ করছেন। সিদ্ধান্ত নিয়েছি, সহযোগিতা করতে গিয়ে দায়িত্বজ্ঞানহীন নির্মাতাদের সঙ্গে কোনো ধরনের কাজ করব না। চলচ্চিত্র আমাকে অনেক কিছুই দিয়েছে। সহযোগিতার হাত বাড়াতে গিয়ে নিজের অর্জনটুকু বর্জন করতে চাই না। শুধু তা-ই নয়, নতুনদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার নিজের ছবিগুলোর প্রতিও নজর দিতে পারিনি। ভাবছি, এখন নিজের ছবিগুলোর প্রতি নজর দেব। সামনে সময়-সুযোগ বুঝে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত “এক কাপ চা” ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।

এদিকে ফেরদৌস সম্প্রতি ‘বৃহন্নলা’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। ছবিটিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন সোহানা সাবা। আর ২৩ নভেম্বর থেকে বিপ্লব হায়দার পরিচালিত ‘ফিল মাই লাভ’ ছবির শুটিং করবেন। টানা দুদিন শুটিংয়ের পর ছবিটির কাজ শেষ হয়ে যাবে বলে জানান ফেরদৌস। ‘ফিল মাই লাভ’ ছবিটিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন মৌসুমী নাগ।