ফেরদৌসের ছবিতে আইয়ুব বাচ্চু ও হাবিব
চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’তে এবার যুক্ত হলেন আইয়ুব বাচ্চু ও হাবিব ওয়াহিদ। নির্মাতা সূত্রে জানা গেছে, গল্পের প্রয়োজনে ছবিটিতে একটি উদ্দীপনামূলক ও একটি সূচনা সংগীত রাখা হয়েছে। উদ্দীপনামূলক গানটির সংগীত পরিচালনা করতে যাচ্ছেন আইয়ুব বাচ্চু এবং সূচনা সংগীতটি তৈরি করছেন হাবিব ওয়াহিদ। প্রথম গানটির রচয়িতা মারজুক রাসেল এবং দ্বিতীয়টির কবির বকুল। এ সম্পর্কে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এটি আমার জীবনের প্রথম ছবি। তাই এ নিয়ে আমার স্বপ্নও অনেক বেশি। স্বপ্নটা বাস্তবায়নের জন্য কোনো ধরনের আপস করছি না। তাই ছবির যেখানে যা প্রয়োজন প্রযোজকের সঙ্গে আলাপ-আলোচনা করে সব কিছু চূড়ান্ত করছি। তবে এ ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, নিজের প্রথম ছবি এক কাপ চায়ের প্রযোজক ফেরদৌস ভাই থেকে যে পরিমাণ সহযোগিতা পাচ্ছি, তা এককথায় অবিশ্বাস্য। হয়তো ফেরদৌস ভাই না হলে ছবিটি নিয়ে এ পর্যন্ত যা কিছু হয়েছে তা করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হতো না।’অন্যদিকে আইয়ুব বাচ্চু বলেন, ‘ফেরদৌসের ছবিটির গল্প আমি শুনেছি। গল্পটা খুব ভালো। আমি যে গানটিতে সুর দেব, সেটির কথা অসাধারণ। আমার বিশ্বাস গানটি ভালোভাবে তৈরি করা গেলে শ্রোতাদের দীর্ঘদিন মনে রাখার মতো একটি গান হবে। ঈদের পর পরই গানটির কাজ শুরু করব বলে আশা করছি।’পরিচালক সূত্রে আরও জানা যায়, সূচনা সংগীতের কাজ প্রায় শেষের দিকে। হাবিব অনেক যত্ন নিয়ে কাজটি করছেন। ঈদের পরই এর কাজ শেষ হবে বলেও জানা যায়।