ফেরদৌসের ছবিতে হুমায়ূন আহমেদের লেখা গান
‘আমি সাধারণত নিজের ছবির জন্যই গান লিখি। অন্য ছবিতে গান লেখার সময় কোথায়! তবে এর আগে দুটি ছবির জন্য লিখেছিলাম। এবার ফেরদৌসের অনুরোধে লিখেছি। আমি কিন্তু গীতিকার না। তাই ভবিষ্যতে এ ধরনের আর কোনোঅনুরোধ হয়তো রাখতে পারব না।’ বললেন হুমায়ূন আহমেদ। নায়ক ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবির জন্য গান লিখেছেন তিনি। হুমায়ূন আহমেদের লেখা ‘আজ সবই উলট-পালট, মনের মেঘে হাসি/আজ বেজেছে তেঁতুলবনে শফিক বাবুর হাসি’ গানটি গতকাল বুধবার সন্ধ্যায় ধারণ করা হলো সত্যগীত স্টুডিওতে। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। তিনি বললেন, ‘এবারই প্রথম হুমায়ূন আহমেদের লেখা গানে সুর করেছি। ভালো কিছু করার চেষ্টা তো ছিলই। সবার ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’ছবিতে হুমায়ূন আহমেদকে দিয়ে গান লেখানোর ব্যাপারে ফেরদৌস বললেন, ‘যখন হুমায়ূন আহমেদের আমার আছে জল ছবির কাজ করছিলাম, তখনই আমার নিজের ছবিতে একটা গান লেখার অনুরোধ তাঁকে করেছিলাম। তিনি সে কথাটা মনে রেখেছেন। ছবিতে একটা বিয়ের দৃশ্য আছে। আমার মনে হলো তিনিই এই গানটা খুব মজা করে লিখতে পারবেন। হয়েছেও তা-ই।’ ছবির তিনটি গানের সুর করছেন ইমন। অন্য দুটি গান সুর করছেন হাবিব ও ফুয়াদ। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল।