ফেরদৌসের ফেসবুক বিড়ম্বনা

ফেসবুক কখনো আশীর্বাদ; কখনো যন্ত্রণা—এই কথা সম্ভবত তারকাদের ক্ষেত্রে একটু বেশিই প্রযোজ্য। যেমনটা হয়েছে নায়ক ফেরদৌসের ক্ষেত্রে।
দুই বাংলার জনপ্রিয় এই নায়কের নামে ফেসবুকে খোলা হয়েছে বেশ কয়েকটি পেজ। সে সব পেজে তাঁর রুচির সঙ্গে মানানসই নয় এমন সব স্ট্যাটাস সমানে পোস্ট করা হচ্ছে। সেই সব স্ট্যাটাস পড়ে বিভ্রান্ত পরিচিতজনেরা তাঁকে এমন সব প্রশ্নের মুখে ফেলছেন যা রীতিমতো বিব্রতর। অথচ ফেরদৌস জানালেন, ফেসবুকে তাঁর নিজের কোনো অ্যাকাউন্টই নেই। তিনি ফেসবুক ব্যবহারই করেন না।
প্রথম আলোর সঙ্গে আলাপে ফেরদৌস বললেন, ‘আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। ফেসবুকে আমার নামে যেসব পেজ শো করে, তার সবই ভুয়া। সবার কাছে একটাই অনুরোধ, ফেসবুকে আমার কোনো পেজ আছে মনে করে আমাকে অযথা ভুল বুঝবেন না। তবে আমি যদি কখনো ফেসবুক ব্যবহারও করি তাহলে অবশ্যই সবাই জানতে পারবেন।’
ফেরদৌস বলেন, ‘বেশ কিছুদিন ধরে পরিচিতজনদের অনেকে বলছেন, ফেসবুকে আমার পেজ থেকে নাকি কে সব স্ট্যাটাস দিচ্ছি! যা নাকি আমার সঙ্গে মানানসই না। আমি তো অবাক এই ভেবে যে, আমার যেখানে কোনো ফেসবুক পেজ নাই সেখানে স্ট্যাটাস কিংবা ছবি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। খোঁজ নিয়ে জানতে পারলাম, আমার নামে ঠিকই ফেসবুকে কয়েকটা পেজ খোলা আছে। সেসব পেজ থেকে নানা ধরনের উল্টাপাল্টা পোস্ট আপলোড করা হচ্ছে। যা আসলে সত্যিই বিভ্রান্তিকর।’
ফেসবুক নিয়ে ফেরদৌসের আগ্রহ আছে কি না জানতে চাইলে বলেন, ‘ফেসবুক ব্যবহারের জন্য সময়ের দরকার হয়। আমার হাতে অত সময় নাই। আমি আমার কাজ নিয়েই ব্যস্ত আছি। কাজের পর যতটা সময় পাই তা পরিবার আর নিজেকে দেওয়ার চেষ্টা করি।’
৩০ জুন রাতে দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা ছেড়েছেন ফেরদৌস। বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কোনো চলচ্চিত্রের শুটিংয়ে নয়, গেছেন পরিবারের সবাইকে নিয়ে একান্তে সময় কাটানোর জন্য।