ফেরদৌসের ভালো বন্ধু মৌসুমীর ভীষণ ভক্ত

পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে সমান জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা অভিনয় করেছেন ফেরদৌস প্রযোজিত প্রথম ছবি এক কাপ চা ছবিতে। সম্প্রতি ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন চলছে মুক্তির প্রস্তুতি। এক কাপ চা ছবিটি মুক্তির আগে কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।
কেমন আছেন?
অনেক ভালো আছি। ১৪ নভেম্বর কলকাতায় আমার নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। সঞ্জয় নাগ পরিচালিত ছবিটির নাম পারপার। এই ছবিতে বাংলাদেশ থেকে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এ ছাড়া ৭ নভেম্বর মুক্তি পেয়েছে পতি পরমেশ্বর। সবকিছু মিলিয়ে দারুণ সময় কাটছে।
বেশ কয়েক বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আপনার কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে...
ঠিকই বলেছেন। তা প্রায় চার-পাঁচ বছর হবে। আমি অনেক বেশি আনন্দিত। সব মিলিয়ে আমার সময়টা অনেক ভালো যাচ্ছে।
এক কাপ চা ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কী?
খুবই সাধারণ কিন্তু চমৎকার একটা গল্প নিয়ে এক কাপ চা ছবিটি নির্মিত হয়েছে। নির্মাণের ক্ষেত্রেও ছিল যত্নের ছোঁয়া। ফেরদৌস আমার ভালো বন্ধু বলে বলছি না, ছবিটি নিঃসন্দেহে অনেক ভালো হবে। দর্শকপ্রিয়তাও পাবে। ছবির গল্পে মজার কিছু উপাদান আছে, যা দর্শকদের খুবই ভালো লাগবে। ছবির প্রধান নায়িকা মৌসুমী, যাকে আমি মহানায়িকা হিসেবে সম্বোধন করি। তাঁর অভিনয়ের ভীষণ ভক্ত আমি। এ ছাড়া ঢাকাই ছবির সব গুণী অভিনয়শিল্পী এক কাপ চা ছবিতে অভিনয় করেছেন।
এক কাপ চা ছবির মুক্তি উপলক্ষে বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা করেছেন কি?
অনেক বছর পর যেহেতু বাংলাদেশে আমার কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে, তাই ঢাকায় আসার একটা পরিকল্পনা করেছি। ফেরদৌসের সঙ্গে সেভাবে কথাও হয়েছে। সে তো আমার খুব ভালো বন্ধু। তার প্রযোজিত প্রথম ছবি মুক্তি বলে কথা। ইচ্ছে আছে, বাংলাদেশের দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখার। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।
এ ছাড়া নতুন কোনো পরিকল্পনা আছে কি?
আমরা যৌথ প্রযোজনার ছবি করার ব্যাপারেও ভাবছি। সেভাবে কিছু কথাবার্তা এগিয়েছেও। হয়তো খুব শিগগির এর চূড়ান্ত একটা খবর সবাইকে জানাতে পারব।
আপনি তো সম্প্রতি বাংলাদেশের অনেক ছবিতে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন...
হ্যাঁ। এক কাপ চা ছবির পর এ কাজটি করতে যাচ্ছি। রাজু আহমেদ পরিচালিত ছবিটির নাম উপমা। ছবিটির গল্প ভালো লাগায় কাজটি করতে রাজি হলাম। আশা করি, ভালো মানের একটি ছবি হবে।