ফেরা হচ্ছে না শাবনূরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনূর
শাবনূর

কথা ছিল ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথম সপ্তাহে ছেলেকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দাপুটে নায়িকা শাবনূর, আর এসেই ছবির কাজে মন দেবেন। কিন্তু আপাতত তা আর হচ্ছে না। মার্চে শাবনূরের ফেরার কোনো রকম সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন তাঁর মা।

এ প্রসঙ্গে শাবনূরের মা আমেনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক যে ফেব্রুয়ারিতে শাবনূর দেশে ফিরবে বলেছিল। কিন্তু সন্তানের টিকা দেওয়াসহ অন্যান্য প্রয়োজনীয় কিছু কাজের কারণে আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত পেছাতে হয়েছে তাকে।’

এদিকে ঢাকায় অবস্থানরত শাবনূরের বাবা শাহজাহান চৌধুরীও জানান একই কথা। তিনি বলেন, ‘মে মাসের আগে শাবনূরের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। এসেই হয়তো ছবির কাজ শুরু করবে শাবনূর।’

উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন। শাবনূর এখন বছরের বেশির ভাগ সময় অস্ট্রেলিয়াতেই থাকেন। বাংলাদেশ আর অস্ট্রেলিয়া আসা-যাওয়ার ফাঁকে যে সময়টুকু পান তখন ছবির কাজ করেন।

শাবনূর অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। ছবিটিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছিলেন মৌসুমী ও ফেরদৌস।