
মেয়েটির নাম নীলাঞ্জনা। রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে। পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সহপাঠী এক মুসলমান বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় কিছু বিশ্বাস। সেই বিশ্বাস থেকে যখন সরে আসার সুযোগ হয়, তখনই ছেলেটির দেহে ক্যানসার ধরা পড়ে। গল্পটি রফিক সিকদার পরিচালিত ভোলা তো যায় না তারে ছবির। গল্পের এই ‘নীলাঞ্জনা’ তানহা তাসনিয়া আর ছেলেটি নিরব। ১৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। আর এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে তানহার। এখন নির্ঘুম রাত কাটছে তাঁর। একদিকে যেমন তাঁর আনন্দ হচ্ছে, আবার মনে আছে শঙ্কা। কেন? তানহা বলেন, ‘মুহূর্তটির জন্য অনেক দিন অপেক্ষা করছি। নিজেকে বড় পর্দায় দেখতে পাব। তবে মানসিক চাপ অনুভব করছি। দর্শক প্রথম আমাকে বড় পর্দায় দেখবেন, তাঁরা আমাকে কীভাবে নেবেন, খুব ভাবনা হচ্ছে।’
মনে আনন্দ কিংবা শঙ্কা যা-ই থাকুক, ছবিটি নিয়ে কিন্তু তানহার প্রত্যাশা একটু বেশি। তাঁর মতে, ছবির গল্প গতানুগতিক না। আর এ কারণেই ছবিটি দর্শকের ভালো লাগবে।
প্রথম চলচ্চিত্র, তাই নতুন নতুন অনেক অভিজ্ঞতা তানহার ঝুলিতে। বললেন, ‘প্রথম দিন শুটিং করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। একদিকে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, অন্যদিকে আবার ছেলেদের হলে শুটিং। বুঝতেই পারছেন মানসিক চাপ কোন পর্যায়ে ছিল! শুটিংয়ের সময় খুব কাছ থেকে ছেলেদের মন্তব্য শুনতে পাচ্ছি। নানা ধরনের কথা। ইতিবাচক আর নেতিবাচক দুই-ই। তখন আরও ঘাবড়ে গিয়েছিলাম।’
শুটিংয়ের আগে টিভি কিংবা চলচ্চিত্রের ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না তানহার। অভিনয় করবেন, তা কখনো ভাবেননি। তবে মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার ইচ্ছা হতো। বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়া প্রসঙ্গে তানহা জানান, ‘একেবারে হুট করেই সুযোগ পেয়ে যাই। নিরব আমার ফেসবুকের বন্ধু। ফেসবুক থেকে ছবি দেখে নিরব আর ছবির পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা আমাকে ভোলা তো যায় না তারে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। সব শুনে আমি কী বলব, ভেবে পাইনি। পরে গল্প শুনে ভালো লাগার মাত্রা বাড়তে থাকে। রাজি হয়ে গেলাম।’
শুটিংয়ের মাস দু-এক আগে থেকেই তানহার প্রস্তুতি শুরু হয়। ছবির চিত্রনাট্য সংগ্রহ করেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে, আবার কখনো কখনো বাবাকে সহশিল্পী বানিয়ে অভিনয়ের অনুশীলন করেন।
তানহা জানান, ভোলা তো যায় না তারে মুক্তির আগেই আরেকটি ছবির কাজ শেষ করেছেন। শফিক হাসানের ধূমকেতু। জানবাজ নামে আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। এই ছবির পরিচালক ওয়াজেদ আলী। ছবিটির শুটিং শুরু হবে এপ্রিলের মাঝামাঝি।
চলচ্চিত্রে নিয়মিতই কাজ করতে চান তানহা। বললেন, ‘ভালো ছবিতে কাজের জন্য নিজেকে প্রস্তুত করব। প্রয়োজনে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছে আছে।’
দুই বোন আর এক ভাইয়ের সংসারে সবার বড় তানহা সম্প্রতি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছেন। সামনে ভর্তি হবেন এমবিএতে।