ফেসবুক নিয়ে চটেছেন পূর্ণিমা
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক নিয়ে ভালোই চটেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে তাঁর সত্যিকারের অ্যাকাউন্ট নিয়ে নয়। পূর্ণিমার নাম ও ছবি দিয়ে কে বা কারা ফেসবুকে কয়েকটি অ্যাকাউন্ট খুলে বসেছে। পূর্ণিমা বলেন, ‘আমার নাম ও ছবি দিয়ে কারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। এর মাধ্যমে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, পরিচিতজনরা প্রতারিত হতে পারেন।’পূর্ণিমা বলেন, ‘ফেসবুকে কিন্তু আমার বন্ধুর সংখ্যা সীমিত। এটি আসলে এখন যোগাযোগের বড় একটি মাধ্যম। কিন্তু যোগাযোগের মাধ্যম ফেসবুকের দ্বারা যদি কেউ প্রতারিত হন, তাহলে তা খুব দুঃখজনক। আমি বুঝি না, কারা এসব করে।’নতুন কাজের ব্যাপারে পূর্ণিমা বলেন, ‘আপাতত নতুন কোনো ছবির কাজ হাতে নিচ্ছি না। সামনে হয়তো এ নিয়ে ভাবব।’এবারের ঈদে ছোটপর্দার জন্য পূর্ণিমা নাটক ও টেলিছবির কাজ করেন। আনজাম মাসুদের নির্দেশনায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন পূর্ণিমা।