ফেসবুক নিয়ে বিব্রত কুসুম
ফেসবুকে অভিনয়শিল্পী কুসুম শিকদারের নামে কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। কুসুম জানান, তাঁর অ্যাকাউন্ট একটি, বাকি সব কটিই ভুয়া। এসব ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।কুসুম বলেন, ‘ওই ভুয়া অ্যাকাউন্টগুলোয় রাজনৈতিক এবং সাম্প্রতিক সময়ের নানা ঘটনার ওপর বিভিন্ন স্ট্যাটাস দেওয়া হচ্ছে। তা মোটেও আমার নয়; সঙ্গে আমার ছবিও ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি, এসব ভুয়া অ্যাকাউন্ট এবং তাতে দেওয়া বিভিন্ন স্ট্যাটাস আমার ভাবমূর্তি নষ্ট করছে। ফেসবুকে নিজেদের বন্ধু-তালিকা থেকে এই ভুয়া অ্যাকাউন্টগুলো বাদ দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। প্লিজ, কেউ বিভ্রান্ত হবেন না।’উল্লেখ্য, দেশের প্রায় সব তারকার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। আর এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রায়ই নানা ধরনের অভিযোগ শোনা যায়। নিজেদের বন্ধু-তালিকায় এসব ভুয়া অ্যাকাউন্ট যুক্ত না করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তারকারা।