ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুষারের বই
‘ফেসবুক স্ট্যাটাসে আমি প্রতিদিন আপন মনে কবিতা লিখি। একেবারে ছোট ছোট, মাত্র কয়েক লাইন। একসময় দেখলাম, ফেসবুক-বন্ধুরা ব্যাপারটা খুব পছন্দ করেছে। এরপর আমার লেখার গতি আরও বেড়ে যায়। স্ট্যাটাসে লেখা সেই কবিতাগুলো নিয়ে এবার অমর একুশে গ্রন্থমেলায় বই বেরোচ্ছে।’ বললেন আবদুন নূর তুষার।সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে নিজের তাত্ক্ষণিক অবস্থা বা অনুভূতি জানানো যায়। এটাই ফেসবুক স্ট্যাটাস। সেই স্ট্যাটাসে লেখা কবিতা নিয়ে আবদুন নূর তুষারের এ বইটির নাম এই বুকে ফেসবুকে। তুষার জানান, শুক্রবার থেকে এটি মেলায় পাওয়া যাবে। পার্লের এ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। আর পুরো বইয়ের অলংকরণ করেছেন তুষার নিজেই।তুষার আরও বললেন, ‘কারিগরি ত্রুটির কারণে হঠাত্ একদিন আমার ফেসবুক অ্যাকাউন্টটা মুছে যায়। হারিয়ে যায় স্ট্যাটাসগুলো। দেখি, এক ফেসবুক-বন্ধু আমার সব স্ট্যাটাস কপি করে নিজের সংগ্রহে রেখেছে। পরে সে আবার তা আমার ফেসবুক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ঘটনাটি জানার পর প্রকাশক বইটি প্রকাশের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। এভাবেই বের হচ্ছে একেবারে অন্য রকম একটি বই।’ তুষার জানান, এটি তাঁর চতুর্থ বই।