ফেসবুকে অমিতাভ
এতদিন টুইটার আর ব্লগ মাতিয়ে এবারে ফেসবুকে আসছেন অমিতাভ বচ্চন। বলিউডের জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতা ইন্টারনেটের এ যুগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকেই ভক্তদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।ব্লগ ও টুইটারের পর এবারে তিনি যোগ দিতে যাচ্ছেন সামাজিক যোগাযোগের বৃহত্তম ওয়েবসাইট ফেসবুকে। এনডিটিভি জানিয়েছে, টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে এ তথ্য জানিয়েছেন অমিতাভ বচ্চন নিজেই। ফেসবুকে যোগ দেওয়ার বিষয়ে বেশ উচ্ছ্বসিত বলিউডের ‘ডন’ খ্যাত অমিতাভ। ২১ আগস্ট এক টুইটে তিনি লিখেছেন- ‘আগাম খবর, আমি আগামীকাল যোগ দিচ্ছি ফেসবুকে।’ তবে তার বন্ধু হওয়ার জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি।সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বলিউডের মধ্যে সবচেয়ে সক্রিয় অমিতাভ বচ্চন। বর্তমানে টুইটারে তার ফলোয়ার সংখ্যা প্রায় ৩৩ লাখ। তিনি ইতিমধ্যে ১৫ হাজারেরও বেশি টুইট করেছেন। টুইটার ব্যবহার করেই পুত্রবধূ ঐশ্বরিয়ার মা হতে চলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন তিনি।এদিকে, বলিউডে সক্রিয় টুইটার ব্যবহারকারী হিসেবে অমিতাভের তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন প্রিয়াংকা চোপড়া ও শাহরুখ খান। অমিতাভ ফেসবুকে অ্যাকাউন্ট খুললে সেখানে নিয়মিত হবেন ভক্তরা এ আশা করতেই পারেন।