ফেসবুকে আরিফিন শুভর ভিডিওবার্তা

সারা দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে কাল মুক্তি পাচ্ছে ‘ভালোবাসার গল্প’ ছবিটি। যদিও এ ছবিতে অভিনয় করেননি আরিফিন শুভ; তারপরও ছবির প্রচারণায় নেমেছেন ঢাকাই ছবির এ সময়ের এই আলোচিত নায়ক। ফেসবুকে পাঠানো তাঁর এক ভিডিওবার্তায় ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন আরিফিন শুভ।
‘ভালোবাসার গল্প’ ছবিটি নিয়ে শুভর দেওয়া ভিডিও বার্তায় বলা হয়েছে, ‘ভালোবাসার গল্প’— অনন্য মামুন পরিচালিত একটা খুব ইন্টারেস্টিং লাভ স্টোরি। আমি তো দেখতে যাবই। ২৩ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে। এখানে আমার খুব পছন্দের অভিনয়শিল্পীরাই কাজ করেছেন। আমি গান দেখেছি, ট্রেলার দেখেছি, খুব ভালো লেগেছে।
শুভ তাঁর ভিডিও বার্তায় আরও বলেছেন, দর্শকেরা অনেক বিনোদন পাবেন। আপনারা সবাই হলে এসে ছবিটি উপভোগ করবেন।
আরিফিন শুভর এই ভিডিও-শুভেচ্ছা নিজের ফেসবুকে শেয়ার করেছেন ‘ভালোবাসার গল্প’ ছবির পরিচালক অনন্য মামুন। ছবির অভিনয়শিল্পীদের মধ্যে আছেন আনিসুর রহমান মিলন, মুনিয়া আফরিন, মিশা সওদাগর, কায়েস আরজু, তানিয়া, মুনিরা মিঠু ও ডন।
এদিকে, সম্প্রতি ভোলা থেকে ‘অস্তিত্ব’ ছবির শুটিং করে এসেছেন আরিফিন শুভ। এ ছবিতে তাঁর বিপরীতে জুটি হয়েছেন তিশা। টিভি নাটকে তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করলেও চলচ্চিত্রে এবারই প্রথম জুটি হলেন আরিফিন শুভ ও তিশা।
‘অস্তিত্ব’ প্রসঙ্গে আরিফিন শুভ বলেছেন, ‘চলচ্চিত্রে আমি খুব বেশি সময় ধরে কাজ করছি না। এরই মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মতো একটা অসাধারণ কাজের অংশ হতে পেরেছি। কেন জানি মনে হচ্ছে, ‘অস্তিত্ব’ আরেকটি অসাধারণ সৃষ্টি হতে যাচ্ছে। এখন পর্যন্ত কাজ করে আমার এমনটাই ধারণা।’