ফেসবুকে আসিফের নামে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নিজস্ব কোনো অ্যাকাউন্ট না থাকলেও তাঁর নামে বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। যে অ্যাকাউন্টগুলো থেকে প্রায়ই বিভিন্ন লোকজনের কাছ থেকে আসিফের নাম করে চাঁদা দাবি করা হচ্ছে আর এ বিষয়টা নিয়ে বেশ বিব্রত তিনি।

আসিফ বলেন, ‘ফেসবুকে এখন পর্যন্ত আমার কোনো অ্যাকাউন্ট নেই। তা ছাড়া ফেসবুক নিয়ে ব্যস্ত থাকার জন্য অফুরন্ত সময়ও আমার হাতে নেই। আর এ জন্যই এটা থেকে দূরে আছি। তবে যে হারে আমার নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট অপারেট করে মানুষকে প্রতারিত করা হচ্ছে, ভাবছি খুব শিগগির নিজের একটি সত্যিকারের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তা প্রতিহত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার নাম করে ফেসবুকে চাঁদা দাবি করার নানা ধরনের গল্প এর আগেও শুনেছি। পুরো বিষয়টি আমার জন্য সত্যিই অনেক বিব্রতকর। দেশে ও দেশের বাইরে যেখানেই আমার ভক্ত-শ্রোতারা আছেন, তাঁদের অনুরোধ করব, আমাকে নিয়ে ফেসবুক-সংক্রান্ত কোনো কিছুতে আপাতত আপনারা কান দেবেন না। এখন পর্যন্ত ফেসবুকে আমার নামে যত অ্যাকাউন্ট আছে সবই ভুয়া। দয়া করে কেউ কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। ভুয়া অ্যাকাউন্টগুলো যারা অপারেট করছে, তাদের কার্যক্রম বন্ধ করার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি।’

উল্লেখ্য, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় আসিফের। এরপর একে একে অসংখ্য সফল অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রেও রয়েছে তাঁর অসংখ্য শ্রোতাপ্রিয় গান। তাঁর সর্বশেষ একক অ্যালবামের নাম ‘এক্স প্রেম’। আর মিশ্র অ্যালবামের নাম হচ্ছে ‘ঝগড়ার গান’।