ফেসবুকে ফাহমিদা নবীর হুঁশিয়ারি!

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক নিয়ে রীতিমতো বিষম যন্ত্রণাতেই পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। কে বা কারা নাকি এই শিল্পীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছেন। বিষয়টি নিয়ে চরম বিরক্ত তিনি। বিরক্তির বহিঃপ্রকাশ হিসেবে হ্যাকারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফাহমিদা নবী।
গতকাল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফাহিমদা নবী লেখেন, ‘একই প্রোফাইল পিকচার দিয়ে আবার ফেক আইডি চালাচ্ছ যে, হি অর শি...!!! কাজটা খুব খারাপ করছ। কারণ আমি তো আমি...তুমি তো আমি হতে পারবে না। মাইন্ড ইট...!’
প্রথম আলোর সঙ্গে আলাপকালে ফাহমিদা নবী বলেন, ‘সত্যিই আমি ভীষণ বিরক্ত। এভাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক হ্যাক করার ব্যাপারটি খুবই নিন্দনীয়।’
ফাহমিদা নবী আরও বলেন, ‘এর আগেও কয়েকবার আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর বিভিন্ন উপায়ে তা ফিরেও পেয়েছি। কিন্তু এভাবে আর কত দিন? এভাবে তো চলতে দেওয়া যায় না। তাই ভাবছি, এবার সাইবার অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। ফেসবুক কর্তৃপক্ষকেও আমি বিষয়টি অবহিত করছি। দেখা যাক কী হয়।’