ফেসবুকে হিজাব ছাড়া ছবি দেওয়ায় অভিনয়ে নিষেধাজ্ঞা

ইরানি অভিনেত্রী সাদাফ তাহেরিয়ান সম্প্রতি তাঁর দেশের একটি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নিজের হিজাব ছাড়া একটি ছবি পোস্ট করেন। এ কারণে ইরানের সরকার তাঁকে ‘নীতিহীন’ বলে তাঁর অভিনয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১৯৭৯ সাল থেকে ইরানে আইন করে ঘরের বাইরে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ফেসবুকে সাদাফ তাঁর হিজাববিহীন ছবিটি পোস্ট করার পর খুব দ্রুত তা দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে আসে। আর এর পরপরই সাদাফকে পালিয়ে দুবাইতে চলে যেতে হয়। এর মধ্যেই সাদাফের অভিনয়ের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এদিকে, ভয়েস অব আমেরিকার পারসিয়ান ভাষার চ্যানেলে টিভি শো ‘ট্যাবলেট’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাদাফ জানিয়েছেন, তিনি ফেসবুকে হিজাববিহীন ছবি দেওয়ার পর সবার কী প্রতিক্রিয়া হয় তা নিয়ে খুব ভীতসন্ত্রস্ত ছিলেন।
অভিনেত্রী সাদাফ ফেসবুকে তাঁর হিজাববিহীন ছবিটি পোস্ট করার পর থেকেই ইরানে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে তাঁর হিজাববিহীন ছবিতে ফটোশপের সাহায্যে হিজাব যুক্ত করে দেওয়ার চেষ্টাও করেছেন। পাশাপাশি বিরূপ মন্তব্যের ঝড় তো আছেই। এ প্রসঙ্গে সাদাফ বলেছেন, ‘আমার নিজের দেশের মানুষের কাছ থেকে এমন অপমান সইতে হবে এ আমার কল্পনাতেও ছিল না।’
সাদাফ আরও জানিয়েছেন, তিনি তাঁদের এই আচরণের জন্য কেবল দুঃখিতই হতে পারেন; এ ছাড়া তাঁর আর কিছুই বলার নেই। তিনি বলেন, ‘আমি হিজাব পরে পর্দায় অভিনয় করেছি শুধু আমার ক্যারিয়ারের প্রতি ভালোবাসার কারণে; ছবির চরিত্রের প্রয়োজনে।’
সাদাফ জানিয়েছেন, তিনি এমন কোথাও বসবাস করতে চান, যেখানে তিনি তাঁর কাঙ্ক্ষিত জীবনযাপন করতে পারবেন, সুখী জীবনযাপন করতে পারবেন। ইরানের এই অভিনেত্রী বর্তমানে দুবাইতেই আছেন। সেখানেই নতুন করে তাঁর অভিনয় জীবন শুরু করার পরিকল্পনা করছেন সাদাফ। টেলিগ্রাফ। ইয়াহু নিউজ। মিরর।