ফেসবুকে ‘প্রতিদিন বন্ধুদিন’
বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে এবার আবৃত্তির অ্যালবাম প্রকাশ করলেন দুই আবৃত্তিকার। আবৃত্তিকারেরা হলেন—বাংলাদেশের রবি শংকর মৈত্রী ও কলকাতার মিতুল দত্ত। নাম ‘প্রতিদিন বন্ধুদিন’। এতে মোট কবিতা রয়েছে ১১টি। প্রতিদিন বন্ধুদিন অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি স্থানীয় রোস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠানপ্রধান মিনহাজুর রহমান, আবৃত্তিকার রবি শংকর মৈত্রী ও মিতুল দত্ত।বর্তমানে দুটি কবিতা ছাড়া হলেও ৭ আগস্ট থেকে সব কবিতাই ফেসবুকের মাধ্যমে শুনতে পারবেন। এ জন্য ফেসবুক বন্ধুদের ভিজিট করতে হবে ‘Protidin Bondhudin’ ঠিকানায়।প্রতিদিন বন্ধুদিন অ্যালবামে রবিশঙ্কর মৈত্রী ও মিতুল দত্তের লেখাসহ জীবনানন্দ দাশের চারটি কবিতা রয়েছে। রবিশঙ্কর বলেন, ‘আবৃত্তি অ্যালবামটি ফেসবুক বন্ধুদের নির্মল বন্ধুত্বে আগ্রহী করে তুলবে।’ মিতুল বলেন, ‘বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ সারা বিশ্বের বাঙালি বন্ধুদের মধ্যে একটা সম্পর্ক তৈরির প্রত্যাশা থেকেই এই অ্যালবাম প্রকাশের উদ্যোগ। এর আগে গান করলেও এটি আমার প্রথম কোনো আবৃত্তির অ্যালবাম।’অ্যালবামটির কবিতাগুলো ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়ার একটি স্টুডিওতে। অ্যালবামের আবহসংগীত করেছেন সুদীপ্ত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাস।