ফেসবুকে ‘প্রতিদিন বন্ধুদিন’
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে আবৃত্তির অ্যালবাম প্রকাশ করলেন বাংলাদেশের রবিশঙ্কর মৈত্রী ও কলকাতার মিতুল দত্ত। নাম প্রতিদিন বন্ধুদিন। বন্ধু দিবস উপলক্ষে প্রকাশিত হলো অ্যালবামটি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান বিভাগের প্রধান মিনহাজুর রহমান এবং অ্যালবামের শিল্পীরা। প্রতিদিন বন্ধুদিন অ্যালবামে কবিতা রয়েছে ১১টি। রবিশঙ্কর মৈত্রী বলেন, ‘প্রতিদিন বন্ধুদিন আবৃত্তি অ্যালবামটি ফেসবুক বন্ধুদের নির্মল বন্ধুত্বে আগ্রহী করে তুলবে।’ মিতুল বলেন, ‘বিশ্বের বাঙালি বন্ধুদের মধ্যে একটা সম্পর্ক তৈরির প্রত্যাশা থেকেই এই অ্যালবাম প্রকাশের উদ্যোগ। এর আগে গান করলেও এবারই প্রথম অ্যালবামের জন্য আবৃত্তি করেছি।’অ্যালবামটির ধারণকাজ হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়ার একটি স্টুডিওতে। এখানে আবহসংগীত করেছেন সুদীপ্ত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাস।