ফেস্টুনে লেখা স্মৃতি
শহুরে তিন বন্ধু এলেন গ্রামে বেড়াতে। তাঁদের পৈতৃক নিবাস নোয়াখালীর সেনেরখিল। একদিন নদীর ধারে বসে গল্প করছিলেন তাঁরা। প্রথম বন্ধুর গল্প কৌতুকময়। দ্বিতীয়জনের গল্পে নবান্ন উৎসবের প্রসঙ্গ। তৃতীয়জনের গল্পে উঠে এল মুক্তিযুদ্ধের স্মৃতি। এভাবেই শুরু হয়েছিল ফেস্টুনে লেখা স্মৃতি নাটকের কাহিনি। গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকের সংগঠন স্বপ্নদল এটি মঞ্চস্থ করে।ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যৌথ আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। এ উপলক্ষেই নাটকটি মঞ্চস্থ হয়। এ ছাড়াও ছিল ‘সেলিম আল দীনের নাটকে সংলাপ ও সংগীতের দ্বৈতাদ্বৈতবাদিতা’ শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।পরীক্ষণ থিয়েটার হলে স্বপ্নদল পরিবেশিত নাটকটি ছিল দর্শকের জন্য উন্মুক্ত। ১৯৯৩ সালের ১৫ ডিসেম্বর আজকের কাগজ পত্রিকায় মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে সেলিম আল দীনের একটি লেখা ছাপা হয়েছিল। সেই লেখাকে নাট্যরূপ দিয়েছেন জাহারাবি রিপন। উৎসবের তৃতীয় দিন আজ রোববার পরীক্ষণ থিয়েটার হলে কেরামত মঙ্গল এবং স্টুডিও থিয়েটার হলে পুত্র নাটকটি মঞ্চস্থ হবে।