
বর্তমান ও ভবিষ্যৎকে ধারণ করে বহমান ঐতিহ্যের এক বিশেষ বিদ্যাশাখার নাম ফোকলোর। ফোকলোর মোটেই অতীতের বিষয় নয়। ফোকলোর আমাদের স্থানিকতা, আন্তর্জাতিকতা, ধর্মনিরপেক্ষতা, পরিগ্রহণ ক্ষমতা ইত্যাদির সমন্বিত শিক্ষা দেয়।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাত দিনব্যাপী ‘দ্বিতীয় ফোকলোর সামার স্কুল’ শীর্ষক আন্তর্জাতিক ফোকলোর কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। এতে সমাপনী বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ভারতের মহীশূর রাজ্যের প্রখ্যাত ফোকলোরবিদ অধ্যাপক জওহরলাল হাণ্ডু এবং শ্রীলঙ্কার ফোকলোরবিদ লিয়ানেজ অমরাকীর্তি। শুভেচ্ছা বক্তব্য দেন কর্মশালার সমন্বয়কারী ফিরোজ মাহমুদ। ধন্যবাদ জানান একাডেমির পরিচালক শাহিদা খাতুন। সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলা একাডেমি দীর্ঘদিন যাবৎ ফোকলোরের নানা ক্ষেত্রে কাজ করে আসছে। সদ্য সমাপ্ত ফোকলোর সামার স্কুলের মাধ্যমে এই কর্মসূচি নতুন নির্দেশনা পাবে বলে আশা করা যায়।’
শামসুজ্জামান খান বলেন, ‘নতুন রীতিপদ্ধতির মাধ্যমে ফোকলোর গবেষণা সামগ্রিক জ্ঞানকাণ্ডের পরিপ্রেক্ষিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জওহরলাল হাণ্ডু বলেন, ‘বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সমাজ-সংস্কৃতি ফোকলোরকে নিবিড়ভাবে ধারণ করে আছে।’ শ্রীলঙ্কান ফোকলোরবিদ লিয়ানেজ অমরাকীর্তি দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ফোকলোর বিভাগ চালু করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এ কে আজাদ চৌধুরী ফোকলোর গবেষকেরা বাংলা একাডেমির এই সামার স্কুলে অংশ নিয়ে দেশের ফোকলোর গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী ১৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।