ফোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা রেসলিংপ্রেমী, তাঁদের কাছে ক্রিস জেরিকো একটি অতিপরিচিত নাম। তবে জেরিকো যে শুধুই একজন রেসলার নন, তা হয়তো অনেকের ভালোভাবে জানা নেই। ক্রিস জেরিকো এক যুগের বেশি সময় ধরে একটি হেভি মেটাল গানের দলের সদস্য। আজ আমরা জেরিকোর সেই হেভি মেটাল গানের দল ‘ফোজি’ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব।১৯৯৯ সালে আমেরিকার জর্জিয়া রাষ্ট্রের আটলান্টায় গড়ে ওঠে ফোজি নামের এই হেভি মেটাল দলটি। দলটির মূল গায়ক ক্রিস জেরিকো।জেরিকো বিশ্বজুড়ে রেসলার হিসেবে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। ফোজি দলটির মধ্যে একমাত্র জেরিকো ফ্লোরিডায় থাকেন। অন্যরা জর্জিয়ায় বসবাস করেন। তাঁরা আগে থেকে বিভিন্ন রক বা মেটাল দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা শুরুতে ফোজি অসবোর্ন নাম নিয়ে যাত্রা শুরু করেন। উল্লেখ্য, ফোজি অসবোর্ন বিখ্যাত একজন হেভি মেটাল গায়কের নাম। তাঁর এ নাম নিয়ে নাটকীয়ভাবে মজা করতে গিয়েই তাঁদের দলের নাম ফোজি অসবোর্ন রাখা হয়। দলটির প্রতিষ্ঠাতা সদস্য রিচ ওয়ার্ড জেরিকোকে তাঁদের সঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানান। বিখ্যাত রেসলার শুরুতে নিমরাজি হলেও পরবর্তী সময়ে শারীরিকভাবে একটু আঘাতপ্রাপ্ত হয়ে রেসলিং থেকে কিছুদিন দূরে ছিলেন। তখন তিনি রিচ ওয়ার্ডের সঙ্গে আবার যোগাযোগ করেন। এরপর ক্রিস জেরিকো মুনগুজ ম্যাকুইন ছদ্মনাম নিয়ে ফোজি অসবোর্ন-এর দলনেতা হলেন। তিনি তখন দুই ব্যক্তির ভূমিকায় থাকতেন। ক্রিস জেরিকো হয়ে বলে বেড়াতেন যে তিনি মুনগুজ ম্যাকুইন ও ফোজির একজন ভক্ত। তিনি নিজেই যে সেই ব্যক্তি তা তিনি কোনো সাক্ষাৎকারেও স্বীকার করতেন না। ২০০০ সালেই তাঁরা ফোজি অসবোর্নকে সংক্ষেপ করে শুধু ফোজি রাখলেন। তাঁরা তাঁদের দলের ইতিহাস নিয়ে অত্যন্ত মজার একটি কাহিনি প্রচার করতেন। তাঁদের গল্পটা এমন যে, ‘ফোজি’ ২০ বছর আগে অর্থাৎ আশির দশকে জাপান যায়। সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল রকস্টার হওয়া। তাঁরা একটি রেকর্ড কোম্পানির কাছে যান। সেই কোম্পানি তাঁদের গানের সব ডেমো জমা নেয়। ডেমো জমা নিয়ে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যায় বলে তাঁরা আর গানগুলো বের করতে পারেন নি। কিন্তু ওই ডেমোগুলোও হাতছাড়া হয়ে যায়। এবং তাঁদের সেই ডেমোগুলো অন্য গানের দলগুলো চুরি করে নেয়। তাঁরা এসব গল্প মজা করার জন্যই বলতেন। তাঁদের প্রথম অ্যালবামে তাঁরা বিভিন্ন বিখ্যাত রক ও হেভিমেটাল দলের বিখ্যাত গানগুলো রেখেছিলেন। সেই অ্যালবামে তাঁরা ডিও, ক্রোকাস, টুইস্টেড মিস্টার, আয়রন মেইডেন, মটলি ক্রু ও জুডাস প্রিস্টের গান নিজেরা আবার রেকর্ড করেন। তাঁদের দ্বিতীয় অ্যালবামে ব্ল্যাক স্যাবাথ, স্করপিয়নস ও ওয়াম্পের গানের নিজস্ব সংস্করণ ছিল। তৃতীয় অ্যালবামে তাঁরা সব নিজস্ব গান করেন। সেই অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে ছিলেন জ্যাক ওয়াইল্ড (ব্ল্যাক লেবেল সোসাইটি, ওজি অসবোর্ন ও প্রাইড অ্যান্ড গ্লোরি), মার্ক ট্রিমন্টি (ক্রিড, অল্টারব্রিজ), মাইলস কেনেডি (অল্টারব্রিজ, স্ল্যাশ), মার্টি ফ্রিডম্যান (মেগাডেথ) ও বুচ ওয়াকারের (মারভেলাস থ্রি) মতো বিখ্যাত সব শিল্পী। ২০০৫ সালে তাঁদের সেই অল দ্যাট রিমেইন্স শিরোনামের অ্যালবামটি এক লাখ কপির বেশি বিক্রি হয়েছিল। এখন পর্যন্ত তাঁরা বিশ্বব্যাপী অনেক কনসার্টে অংশ নিয়েছেন। ফোজি তাদের এক যুগের বেশি সময়ের যাত্রার বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। অনেক বড় বড় কনসার্টে বিশ্বের বিভিন্ন বিখ্যাত মেটাল দলের সঙ্গে এক মঞ্চে গান করেছে ব্যান্ডটি। ২০১৩ সালের ব্লাডস্টক ফেস্টিভ্যালে তারা অংশ নেবে। তাদের ২০১২ সালের সিন অ্যান্ড বোনস অ্যালবামটিও বেশ সমাদৃত হয়েছে। রেসলিংয়ের কিছু অনুষ্ঠানেও তাদের গান ব্যবহূত হয়েছে। হেভি মেটাল ভক্ত যাঁরা ফোজির গান শোনেননি, তাঁরা অবশ্যই শুনবেন। নয়তো শক্তিশালী রেসলার জেরিকোর শক্তিশালী কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হবেন। সঙ্গে তাঁর দলের নিরীক্ষামূলক হেভি মেটাল ও হার্ডরক গান তো আছেই।  মনোয়ারুল হকফোজি-এর বর্তমান সদস্য  ক্রিস জেরিকো—কণ্ঠ, পিয়ানো (১৯৯৯-বর্তমান)  রিচ ওয়ার্ড—লিড গিটার, কণ্ঠ (১৯৯৯-বর্তমান)  ফ্র্যাঙ্ক ফন্টসেরে—ড্রামস, পারকাশন (১৯৯৯-২০০৫-২০০৯ বর্তমান)  বিলি গ্রে—রিদম গিটার (২০১০-বর্তমান)  পল ডি লিও২—বেজ গিটার (২০১১-বর্তমান) ফোজি-এর যত অ্যালবাম  ফোজি (২০০০)  হ্যাসান স্টেনস (২০০২)  অল দ্যাট রিমেইন্স (২০০৫)  চেইজিং দ্য গ্রেইল (২০১০)  সিন অ্যান্ড বোনস (২০১২)