ফোবানার জন্য যুক্তরাষ্ট্র সফরে আরফিন রুমি
ফোবানা সম্মেলনে যোগ দিতে এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় সুরকার, সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী আরফিন রুমি। আজ বুধবার রাতে ইত্তেহাদ এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকা ছাড়ছেন। প্রথম আলো ডটকমকে আরফিন রুমি বলেন, ‘দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে এটি আমার তৃতীয় সফর। এর আগে টানা এক মাস সেখানে অনুষ্ঠান করে এসেছি। এবার চারটি অনুষ্ঠানে গান করার কথা রয়েছে।’ দেশের বাইরে গান করা প্রসঙ্গে রুমি বলেন, ‘দেশের বাইরের কোনো অনুষ্ঠানে গান করতে গিয়ে কখনোই মনে হয়নি যে আমি আসলেই বাইরে কোথাও গান করছি। প্রবাসী বাঙালিরা যে এত বেশি বাংলা গান শোনেন, তা সেখানে অনুষ্ঠান না করলে বুঝতে পারতাম না। বাংলা গানের প্রতি প্রবাসীদের যে মমত্ববোধ, তা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’ রুমি আরও বলেন, ‘আমি এর আগে আরও দুবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখন সেখানে গান করার পাশাপাশি কিছু নতুন বন্ধুর দেখা পেয়েছি। তাঁরা সেখানকার অনেক ভালো মানের মিউজিশিয়ান। এবার ইচ্ছে আছে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তাঁদের কাছ থেকে নতুন কিছু শেখার; যেগুলো পরবর্তী সময়ে আমার কাজের সঙ্গে যোগ করে নতুন কিছু হয়তো করতে পারব।’যুক্তরাষ্ট্র সফর শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন আরফিন রুমি।উল্লেখ্য, মেরিল-প্রথম আলো তারকা জরিপের গতবারের আসরে ‘প্রিয়তমা’ অ্যালবামের জন্য আরফিন রুমি সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জেতেন।