ফোর্বস তালিকায় সবচেয়ে বেশি আয় টম ক্রুজের
সর্বাধিক উপার্জনকারী তারকা হিসেবে ফোর্বস ম্যাগাজিনের তালিকাটির শীর্ষস্থান দখল করেছেন হলিউডের অভিনেতা টম ক্রুজ। গত বছরের মে থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময়ে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত এই তারকা।এর আগের বছর ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত তালিকাটির শীর্ষস্থানে ছিলেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। অবশ্য এ বছর তিনি ৩৭ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আর একই পরিমাণ অর্থ পকেটে পুরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ‘ফিফটি ফাস্ট ডেটস’খ্যাত মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলারও। এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৩৬ মিলিয়ন ডলার আয়ের সুবাদে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হলিউডের অভিনেতা ও সাবেক কুস্তিগির ডুয়েইন জনসন যিনি ‘দ্য রক’ নামেই বেশি পরিচিত। তাঁর পরের অবস্থানেই রয়েছেন মার্কিন অভিনেতা, চিত্রনির্মাতা ও কৌতুকশিল্পী বেন স্টিলার। তিনি আয় করেছেন ৩৩ মিলিয়ন ডলার।তালিকায় পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে সাসা ব্যারন কোহেন, জনি ডেপ, উইল স্মিথ, মার্ক ওয়ালবার্গ এবং টেইলর লটনার। এই তালিকায় সেরা দশে ঠাঁই পাননি ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। সহতারকা টেইলর লটনারের চেয়ে কম আয় করায় তালিকায় ১১তম স্থান পেয়েছেন প্যাটিনসন।