ফোর্বসে সর্বাধিক আয়ের তারকা-দম্পতি বিয়ন্স-জে জি

সর্বাধিক আয়ের তারকা-দম্পতি হিসেবে সম্প্রতি ‘ফোর্বস’ ম্যাগাজিনের তালিকার শীর্ষে উঠে এসেছে মার্কিন গায়িকা বিয়ন্স নোলস ও তাঁর স্বামী র্যাপ-সংগীতশিল্পী জে জির নাম। ২০১২ সালের জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময়ে তাঁরা আয় করেছেন ৯৫ মিলিয়ন ডলার।
এক দশকেরও বেশি সময় ধরে সংসার করছেন বিয়ন্স ও জে জি। গত বছর মিসেস কার্টার ওয়ার্ল্ড টুর থেকে প্রতি রাতে গড়ে দুই মিলিয়ন ডলার আয় করেন বিয়ন্স। আর এ বছর জে জি তাঁর ওয়ার্ল্ড টুর থেকে প্রতি রাতে গড়ে আয় করেছেন ১ দশমিক ৪ মিলিয়ন ডলার। এ ছাড়া ‘ওয়াচ দ্য থ্রোন’ অ্যালবাম থেকেও প্রচুর আয় করেছেন জে জি। সব মিলিয়ে গত এক বছরে এই তারকা-দম্পতির ঝুলিতে জমা পড়েছে ৯৫ মিলিয়ন ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে ফোর্বস ডটকম।
৮০ মিলিয়ন ডলার আয় করে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন মার্কিন ফুটবল তারকা টম ব্র্যাডি এবং ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী গিজেল বুন্ডচেন। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন বহুল আলোচিত হলিউডের তারকাযুগল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের আয়ের পরিমাণ ৫০ মিলিয়ন ডলার। মূলত চলচ্চিত্রে কাজ করেই তাঁরা এ আয় করেছেন।
তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছেন যথাক্রমে অ্যাস্টন কুচার-মিলা কুনিস ও কেনি ওয়েস্ট-কিম কারদাশিয়ান। তাঁদের আয়ের পরিমাণ যথাক্রমে ৩৫ মিলিয়ন ও ৩০ মিলিয়ন ডলার।