ফোর্বসের সবচেয়ে প্রভাবশালী তারকা অপরাহ উইনফ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ‘ফোর্বস’ ম্যাগাজিন আজ বুধবার প্রভাবশালী ১০০ তারকার নামের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে ঠাঁই পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে। ‘ফোর্বস’ ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ তারকার নামের তালিকায় গত দুই বছর দ্বিতীয় অবস্থানে ছিলেন অপরাহ উইনফ্রে। এবার দ্বিতীয় স্থানটি দখল করেছেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তালিকায় ঠাঁই পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, সংগীতশিল্পী ম্যাডোনা, বিওন্সি নোলস, বন জোভি, টেইলর সুইফট প্রমুখ। তালিকায় সেরা দশের মধ্যে সবচেয়ে কম বয়সী তারকা হিসেবে নাম লিখিয়েছেন ১৯ বছর বয়সী কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার। তিনি নবম স্থান দখল করেছেন। গত বছর তালিকার শীর্ষে ছিল গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের নাম। এ বছর অল্পের জন্য সেরা দশে জায়গা পাননি তিনি। লোপেজ ১২তম অবস্থানে রয়েছেন।এ প্রসঙ্গে ‘ফোর্বস’ ম্যাগাজিনের পক্ষ থেকে ডরোথি পোমার্যান্টজ বলেন, ‘তারকা প্রভাবের ক্ষেত্রে বিরল নজির দেখিয়েছেন অপরাহ উইনফ্রে। ১৯৯৯ সাল থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিটি তালিকায় ঠাঁই পেয়েছে তাঁর নাম। এই রেকর্ড রয়েছে আর মাত্র দুজনের। তাঁরা হলেন স্টিভেন স্পিলবার্গ ও হাওয়ার্ড স্টার্ন।’