ফ্যানির খোঁজে চলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইন্ডিং ফ্যানি ছবির দৃশ্য
ফাইন্ডিং ফ্যানি ছবির দৃশ্য

একেবারেই কমেডি ছবি নয়। তবে ছবিতে এমন বেশ কিছু দৃশ্য রয়েছে, যা আপনাকে হাসাতে বাধ্য করবে। ছবিতে নেই কোনো আইটেম গান। নেই গ্ল্যামারের ছিটেফোঁটা কিংবা বারের ফ্লোরে নাচানাচি। এর পরও এটা একটা বলিউড ছবি।

নির্মল আনন্দ বলতে যা বোঝায়, তা-ই যেন নতুন আলোয় দেখা গেল বলিউড সেলুলয়েডের রঙিন ফিতায়। অসাধারণ সিনেমাটোগ্রাফি মাঝেমধ্যেই মনের ভেতর খোঁচা মেরে বলবে—ভিনদেশে গিয়ে ছবি শুট করার আদৌ কি প্রয়োজন আছে? বলিউডের মসলামুড়ি ছবি থেকে এমনি একটা সুখকর বিরতি দেওয়ার জন্য পরিচালক হোমি আদাজানিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

হ্যাঁ, গত শুক্রবার মুক্তি পাওয়া বলিউডের নতুন ছবি ফাইন্ডিং ফ্যানির কথা বলছি। সাম্প্রতিককালের বলিউডি ছবি থেকে অনেকটাই আলাদা, একটু ভিন্ন স্বাদের এই ছবি দিয়ে আসলেই সবাইকে চমকে দিয়েছেন হোমি আদাজানিয়া। শুধু দর্শক-সমালোচকেরাই নন, ফাইন্ডিং ফ্যানি দেখে দারুণ সব অনুভূতি প্রকাশ করেছেন বলিউডের তারকারাও।

অমিতাভ বচ্চন টুইট করেছেন, ‘এ যেন জীবনের এক অনবদ্য টুকরো গল্প। এমন একটা অসাধারণ ছবি উপহার দেওয়ার জন্যে ফাইন্ডিং ফ্যানির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির ছিলেন হৃতিক রোশন। তিনি টুইট করেছেন, ‘জীবনের এই শূন্যতায় ফাইন্ডিং ফ্যানি আমার মুখে হাসি ফুটিয়েছে। ভালো লেগেছে ছবিটি।’

আর করন জোহর টুইট করেছেন, ‘খাসা!’

অথচ এই ছবির চিত্রনাট্য হোমি লিখেছিলেন পাঁচ বছর আগে। এরপর তা পড়ে শুনিয়েছিলেন প্রযোজক বন্ধু দিনেশ ভিজানকে। তা শুনে দিনেশ বলেছিলেন, ‘তুমি এমন একটা ছবি বানাতে যাচ্ছ, যেটা দেখতে হয়তো মাত্র ১০ জন মানুষ আসবে। তার চেয়ে মাথা থেকে এই ছবির চিন্তা ঝেড়ে ফেলো।’

হোমি এই ছবি বানানোর চিন্তা সত্যিই ঝেড়ে ফেলেছিলেন একসময়। ২০১১ সালে দীপিকা পাড়ুকোনকে নিয়ে ককটেল ছবির শুটিং করছিলেন হোমি। ওই সময় হোমি সেই ছবির গল্প শোনান দীপিকাকে। ফ্যানিকে খোঁজার গল্পটা দীপিকার খুব ভালো লেগেছিল। দীপিকা বললেন, ‘ছবিটা আপনাকে বানাতেই হবে। আর আমি এই ছবির অংশ হতে চাই।’

শুধু দীপিকা নয়, এ ছবির চরিত্রায়ণে প্রবীণ-নবীন অভিনেতাদের যুক্তিপূর্ণ মেলবন্ধনেও সফল হয়েছেন পরিচালক। যেখানে আছেন দীপিকা পাডুকোন, অর্জুন কাপুরের মতো তরুণ অভিনেতা, সেখানেই আছেন ডিম্পল কাপাডিয়া, নাসিরউদ্দিন শাহের মতো অভিজ্ঞ অভিনেতারাও।

মাত্র ১৫ কোটি রুপি বাজেটের এই ছবি প্রথম দুই দিনেই নাকি বক্স অফিস থেকে তুলে নিয়েছে ১৩ কোটি রুপি। তবে ১০০ কোটি ক্লাবের ছবি কিংবা ‘ব্লকবাস্টার হিট’ শব্দগুলো যেন ফিকে হয়ে যায় এমন ছবির পাশে। ফাইন্ডিং ফ্যানি এমনই এক মিষ্টি ছবি, যা আপনাকে জীবনের হাসি-আনন্দের গল্প বলবে। ভালোবাসার গল্প বলবে। ৪৬ বছর একা কাটিয়ে দেওয়া ফার্ডির ফ্যানিকে খোঁজার গল্প বলবে। ফ্যানিকে খোঁজার এই মজার যাত্রায় অংশ নিতে পারেন আপনিও।

সাজিদুল হক

ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, ফিল্মফেয়ার