ফ্যান্টম এক ভূতের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যান্টম ছবিতে ক্যাটরিনা কাইফ ও সাইফ আলী খান
ফ্যান্টম ছবিতে ক্যাটরিনা কাইফ ও সাইফ আলী খান

কল্পনার রাজ্যে মানুষ সবচেয়ে স্বাধীন। কল্পনাতে ভর করে সে চলে যেতে পারে বহুদূরে। কিন্তু নির্মাতা কবির খান খুব বেশি দূরে যাননি। তাঁর দৌড় ছিল পাশের দেশ পাকিস্তান পর্যন্তই। কিন্তু এই একটুখানি বিস্তৃতিই এখন অনেক বড় বাধায় পরিণত হয়েছে। তাঁর নতুন ছবি ফ্যান্টম নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে ছবিটি। এ পরিচালকের বজরঙ্গি ভাইজান পাকিস্তানে যেমন প্রশংসা কুড়িয়েছিল, তাঁর ফ্যান্টম শুনছে ততই ভর্ৎসনা। তবে এরপরও সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিকে ঘিরে দর্শকের উৎসাহ কমছে না, বরং প্রত্যাশার পারদ আরও বেড়েই চলছে।
সেদিন ভারতীয় একটি রিয়ালিটি শোতে অতিথি হয়ে এসেছিলেন সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফ। তখন সাইফের কাছে উপস্থাপক জানতে চাইলেন, ‘ফ্যান্টম মানে কী?’ কৌশলী ভঙ্গিতে সাইফ বললেন, ‘ফ্যান্টম একটা ভূত। সে আসলে বাস্তবে নেই, কিন্তু সবাই তাঁকে নিয়ে ভাবে। ছবিতে দেখানো ঘটনাটি আসলে ঘটেনি। তবে সবাই চিন্তা করে, যদি এমনটা হতো!’ এমন মারপ্যাঁচের জবাবে কৌতূহল যেন আরও গাঢ় হলো। সেই সঙ্গে বিতর্কও। পাকিস্তানকে নাকি এ ছবিতে দারুণ হেয় করা হয়েছে। এমন অভিযোগ পাকিস্তানের লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা এবং জামাত-উদ-দাওয়ার আমির হাফিজ সাঈদের। ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা এই পাকিস্তানি নেতার অভিযোগেই দেশটি এরই মধ্যে নিষিদ্ধ করেছে ফ্যান্টম ছবিকে।
হাফিজ সাঈদ অভিযোগ করেছেন, ‘এই ছবি পাকিস্তানের জনগণের মনে বিষ ছড়াবে। তাঁদের সামনে হাফিজ সাঈদ ও জামাত-উদ-দাওয়াকে প্রচণ্ড নেতিবাচকভাবে তুলে ধরবে। কিন্তু ছবিতে যেমন দেখানো হয়েছে, বাস্তবে হাফিজ সাঈদ ও জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই।’
এই হলো ভারতে ২৬/১১-এর মুম্বাই হামলার খলনায়ক হিসেবে পরিচিত সাঈদ হাফিজের অভিযোগ। তিনি ছবির পরিচালক আর অভিনয়শিল্পীদের নিয়ে তুলেছেন নানা অভিযোগ। কিন্তু এসব শুনে না হেসে থাকতে পারছেন না এ ছবির সংশ্লিষ্টরা। তাঁদের পক্ষ থেকে বলা হচ্ছে, ছবির মূল ভিত ‘২৬/১১-এর মুম্বাই হামলা’। তবে এর বাইরে বাকি পুরোটাই একটি কাল্পনিক ঘটনা।
আসলে ফ্যান্টম ছবির গল্প নেওয়া হয়েছে হুসাইন জায়েদির লেখা বই মুম্বাই অ্যাভেঞ্জারস থেকে। সেই বইটি লেখা হয়েছে ২৬/১১-এর মুম্বাই হামলা-পরবর্তী ঘটনা নিয়ে। তাতে দেখানো হয়, ভারতীয় এক এজেন্ট পাকিস্তানে ঢুকে সেই হামলার পেছনের অপশক্তিকে নির্মূল করছেন। আর সেই ভারতীয় এজেন্টের মূল নিশানায় হারিস সাঈদ নামের এক পাকিস্তানি নেতা, যিনি এ গল্পের শুরুতে হামলা নিয়ে লম্বা চওড়া এক ‘হেট স্পিচ’ দিয়েছেন।
ছবিতে সাইফ আলী খান আর ক্যাটরিনাকে দেখা যাবে ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে। অন্য ছবিগুলোর চেয়ে ক্যাটরিনার অবতার এবারের ছবিতে আলাদা। ‘আফগান জালেবি’ গানে যে রূপে তাঁকে দেখা গেছে, ততটা আবেদন নাকি তাঁর স্বল্পবসনা ‘চিকনি চামেলি’ কিংবা ‘কামলি’ গানেও দেখা যায়নি, এমনটা বলছেন বলিউডের বোদ্ধারা। তবে গান কিংবা সাইফ-ক্যাটরিনা রসায়ন—এ সবকিছুকেই ছাপিয়ে গেছে বিতর্ক। ছবিটি যেন এই বিতর্কের জোরেই প্রত্যাশার চেয়ে বেশি প্রচার পেয়ে যাচ্ছে। এখন দেখার অপেক্ষা এটুকুই যে, আসলেই কি ফ্যান্টম যত গর্জে, ততটা বর্ষে কি না!
ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, বলিউড হাঙ্গামা অবলম্বনে