ফ্যান্টাসি কিংডমে মাদককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা আর্জেন্টিনার ভক্ত ছিলেন—প্রশ্ন ছুড়তেই শত শত হাত ওপরে উঠল। ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ চিৎকারে প্রকম্পিত হলো আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম। কারা ব্রাজিল-ভক্ত? প্রতিক্রিয়া একই; আবারও প্রকম্পন। শুধু খেলা নয়, আরেকটা চিৎকার ঘুরপাক খায় সেদিনের আকাশে-বাতাসে। সেটা জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর; সবার একসঙ্গে মাদককে ‘না’ বলার প্রতিজ্ঞা। কয়েক হাজার তরুণ-তরুণী শুনল জনপ্রিয় শিল্পীদের গান, প্রিয় তারকাদের কথা। মন মাতানো আর মঞ্চ কাঁপানো গান তো ছিলই। ১৭ জুলাই, শনিবার। শ্রাবণের ২ তারিখ। কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ। বৃষ্টির দেখা নেই। ওদিকে আশুলিয়ায় শ্রমিক-অসন্তোষের উত্তেজনা। তাহলে কি অনুষ্ঠান অনিশ্চিত? তারুণ্যের কাছে হার মানল সবই। নির্ধারিত সময়ের অনেক আগেই অনুষ্ঠানস্থলে আসা শুরু করেছে দর্শক। শত শত তারুণ্যের উপস্থিতিতে সার্থক করতে তারকারাও আসতে শুরু করেন একে একে। বিকেল পৌনে চারটায় গায়ক আসিফকে দেখা গেল অনুষ্ঠানস্থলে। গত এক দশক দেশের অডিও বাজারকে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে শাসনকারী আসিফের সময়জ্ঞান ভালো। এ কথা বলছিলেন অনুষ্ঠানে আসা অনেকেই। তবে সময়ের প্রতি অন্যদের শ্রদ্ধাও কম নয়, প্রমাণ মিলল বারবার।অভিনেতা চঞ্চল চৌধুরী শত ব্যস্ততায় সময় করে এলেন। আইয়ুব বাচ্চু দলবলে ছিলেন খুলনায়। রাজধানী ঢাকায় ফেরার আগে ফ্যান্টাসি কিংডমে ঢুকেছেন তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে।এক দিন আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সামিনা চৌধুরী। মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে গিয়ে পুরো পরিবার নিয়ে চলে এসেছেন সামিনা। লাল পাড়ের সবুজ শাড়িতে বেশ লাগছিল তাঁরই অগ্রজ ফাহমিদা নবীকে। অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ছিল সারাক্ষণ। দর্শকের চাহিদা আর আনন্দের ষোলকলা পূর্ণ করতে পর্দার তারকাদের উজ্জ্বল উপস্থিতি ছিল। দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস এসেছিলেন শত ব্যস্ততাকে দূরে রেখে। লাক্স-চ্যানেল আই তারকা মীম এলেন মাকে নিয়ে। আর মডেল শখের সঙ্গে ছিলেন মা-বাবা দুজনই। আব্দুন নূর তুষারের কণ্ঠ শুনেই বোঝা গেল, তিনি অসুস্থ। কিন্তু নিজেই গাড়ি হাঁকিয়ে চলে এলেন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরেই।সূর্যের আলো একটি দিনকে বিদায় দেওয়া প্রস্তুতি নিচ্ছে। আর বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টে সুরের মূর্ছনায় দর্শকদের হারিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন শিল্পীরা। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক সবাইকে মাদককে ‘না’ বলার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তিনি বলেন, মাদকসেবীদের কখনো ঘৃণা করে পরিবার থেকে বের করে দিলে, সে মাদকে আরও বেশি আসক্ত হবে। তাই পরিবারে সবাইকে মাদকসেবীদের পাশে দাঁড়াতে হবে। এরপর প্রথম আলোর এই আয়োজনকে সাধুবাদ জানাতে মঞ্চে আসেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক রশিদ আহমেদ। তুমুল করতালির মধ্যে এরপর মঞ্চে আসেন চঞ্চল চৌধুরী। ‘যে মাদক নেয়, সে কখনো আমার বন্ধু না।’ জানান চঞ্চল চৌধুরী। অভিনেতা চঞ্চল চৌধুরী গানেও সমান পারদর্শী। তাঁর গাওয়া মনপুরা ছবির ‘নিথুয়া পাথারে’ গানের সঙ্গে দর্শকদের উল্লাস দেখে বোঝা গেছে। একটি চেনা রাগের আদলে মাদককে ‘না’ বলার কথাটিও বললেন চঞ্চল। ফাহমিদা নবীর অনুরোধে চঞ্চলের এই পরিবেশনা দেখে অনেক দর্শকই বলেছে, ‘জোশ’!গিটার, কিবোর্ড আর ড্রামের তালে তালে সুর-মূর্ছনায় পাগলপারা হয়ে উঠেছিল ফ্যান্টাসি কিংডম। কখনো গান, কখনো কথা। অভিনয়শিল্পী মীম ও শখ কোনো মাদকসেবী ছেলেকে কখনো বিয়ে করবেন না। এমনকি পছন্দ করা ছেলেটি অবশ্যই মাদকবিরোধী হতে হবে। বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টে এই কথাই ঘোষণা করেন অভিনয়শিল্পী মীম ও শখ। মীম ও শখ একাই নন, অনেক দর্শক হাত তুলে জানিয়েছে, মাদক নেয় এমন মানুষের সঙ্গে বন্ধুত্বও করবে না তারা।উপস্থাপক আব্দুর নূর তুষার ঘোষণা করেন, ‘আমাদের মধ্যে এমন একজন আছে, যার বংশের কেউ কোনো দিন মাদক নেয়নি, সেই তো পারবে অসাধ্য সাধন করতে, এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা তোলা তার পক্ষেই সম্ভব।’ এই ঘোষণা সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ দর্শকের করতালিতে বোঝা যায় রুপালি পর্দার তারকাদের চেয়ে কম নয় এভারেস্ট-জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের জনপ্রিয়তা। মুসা ইব্রাহীম বলেন, ‘আমি কখনো মাদক সেবন করিনি বলে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় দেশের পতাকা তুলতে পেরেছি। মাদক নেওয়ার মধ্যে কোনো স্মার্টনেস নেই। মাদক না নিয়েও তরুণদের স্মার্টনেস ফুটিয়ে তোলা যায়।’অভিনেতা ফেরদৌস বিগত বছরের অভিজ্ঞতা তুলে আনলেন। দীর্ঘদিন প্রথম আলোর এই মাদকবিরোধী যাত্রার সঙ্গী তিনি। বলেন, ‘সবাই এগিয়ে এলে একদিন আমাদের প্রিয় বাংলাদেশ মাদকমুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। সেদিন খুব বেশি দূরে নয়।’ বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের ফলে এই কার্যক্রম সফল হবে বলে আশা করেন তিনি।ফাহমিদা নবী নিজের অভিজ্ঞতা থেকে বলেন, তাঁর কাছে হঠাৎ এক ভক্ত ফোন করে। সে ভালো গান গায়, ভালো গিটার বাজায়। কিন্তু সে মাদকাসক্ত হওয়ার কারণে গাইতে পারে না। ‘তুমি যদি আমার ভালো ভক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই মাদক থেকে দূরে এসে আবার গান গাইতে পারবে।’ ভক্তকে বলেন তিনি।সামিনা চৌধুরী বলেন, সবাই মাদক থেকে মুক্ত হয়ে দেশকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে পারবে। বিশ্বের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য মাদকমুক্ত তরুণেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।কথায় কথায় সন্ধ্যা নামল। এক ফালি চাঁদ আকাশে। সুরের আলোর মূর্ছনায় চারদিক আলোকিত করে দুই বোন যৌথভাবে গাইতে শুরু করেন গান। দীর্ঘদিন পরে মঞ্চে দুই বোনের পরিবেশনা। দুই বোনই দারুণ উচ্ছ্বসিত। ফাহমিদা ও সামিনা দুই বোন মিলে একসঙ্গে গাইলেন ‘দূর দ্বীপবাসিনী’, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। তাঁদের শেষ পরিবেশনা ছিল ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটি। বাদ্য বাজছে, হঠাৎ শোনা গেল সামিনা চৌধুরী ‘আসিফ, আসিফ’ বলে চিৎকার করছেন। অনুরোধ, ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির দ্বৈত শিল্পী যেহেতু আসিফ, তাই তাঁকেও গাইতে হবে। আসিফ এলেন কণ্ঠ মেলাতে। তাঁরা তিনজন মিলে গাইলেন রানী কুঠির বাকি ইতিহাস ছবির আলোচিত গানটি।সন্ধ্যা শেষ হয়ে রাতের আলো-আঁধারি খেলার সঙ্গে সঙ্গে গানের সুরে মাতিয়ে তোলেন আসিফ আকবর। ততক্ষণে ফ্যান্টাসি কিংডম দর্শকে কানায় কানায় পূর্ণ। বদলে যাওয়ার গান দিয়ে আসিফ তাঁর পরিবেশনা শুরু করেন। ‘বাংলাদেশ’সহ বেশ কিছু গানের মায়াবী সংগীতে আচ্ছন্ন করে রাখেন। পপসম্রাট গুরুতর অসুস্থ আজম খানের কথা স্মরণ করে তাঁর গাওয়া ‘রেললাইনের ওই বস্তিতে’ গান গেয়ে শোনান আসিফ।আব্দুন নূর তুষার সর্বশেষ মঞ্চে আহ্বান করেন এলআরবিকে। গিটার হাতে আইয়ুব বাচ্চু যখন মঞ্চে উঠলেন তখন পুরো মঞ্চ দর্শকের করতালিতে মুখর। মাদককে ‘না’ বলে অঙ্গীকার করে তিনি একে একে গেয়ে শোনান ‘আড্ডা’, ‘উড়াল দেব আকাশে’, ‘সেই তুমি’সহ বেশ কিছু জনপ্রিয় গান। রাত গভীর হচ্ছে। ঢাকায় ফেরার তাড়া সবার। রবীন্দ্রনাথের সঙ্গে মিলিয়ে তাই তো এক দর্শক বলছিলেন, ‘শেষ হইয়াও হইল না শেষ!’মাদকবিরোধী কনসার্ট সার্বিক সহযোগিতা করেছে বাংলালিংক, কনকর্ড, চ্যানেল আই ও প্রথম আলো বন্ধুসভা।