ফ্যারেল উইলিয়াম ও বিলবোর্ডের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যারেল উইলিয়ামস
ফ্যারেল উইলিয়ামস

ফ্যারেল উইলিয়ামস ‘হ্যাপি’ হতেই পারেন। তাঁর গান ‘হ্যাপি’ এখন বিলবোর্ডে সবার ওপরে। ‘ডেস্পিকেবল মি’-এর মিনিওনরাও এখন অনেক খুশি। গত ফেব্রুয়ারি মাসজুড়ে চার্টের প্রথমে থাকা কেটি পেরির ‘কালো ঘোড়া’কে হটিয়ে মার্চের শুরু থেকে ‘হ্যাপি’ তার হাসি হাসছে।
২ মার্চে অনুষ্ঠিত অস্কারে ‘ওরিজিনাল সং’ হিসেবে মনোনীত হওয়া গানটি যদিও পুরস্কার পায়নি, তবুও টানা দ্বিতীয় সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষস্থানে সদর্প অবস্থান ধরে রেখেছে।
অস্কারে ফ্যারেলের মনোমুগ্ধকর পারফরম্যান্স দর্শক-শ্রোতার মাঝে আগ্রহ আরও বাড়িয়েছে! প্রমাণ এবং উদাহরণস্বরূপ বলতে পারি, বিলবোর্ডের চার্ট মেট্রিকের তিন অর্জন ‘সেল, এয়ারপ্লে আর স্ট্রিমিং’ আগে থেকেই হ্যাপি নিজের ঝুলিতে পুরে নিয়েছে। ৫৩ শতাংশ সেল এখনো হ্যাপির কবজায়। আর গান বিক্রির সংখ্যার হিসাবটা চার লাখ ছাড়িয়ে, ইউটিউবে ১০ কোটিবারের বেশি দেখা হয়েছে এটির মিউজিক ভিডিও। বিলবোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্রিমিংয়ে গানটির অবস্থান প্রথম কাতারে। সাফল্যের মুকুটের উজ্জ্বলতা বাড়িয়েছে টানা পঞ্চম সপ্তাহের ‘স্ট্রিমিং গেইনার’ খেতাব এবং চতুর্থ সপ্তাহ ধরে থাকা ‘হট হিপ হপ’ গানের শীর্ষস্থান।
অন্যদিকে, চার সপ্তাহ প্রথম স্থানে থাকার পর দ্বিতীয় স্থানে আছে কেটি পেরির ‘ডার্ক হর্স’। হ্যাপি আর ডার্ক হর্সের লড়াই অনেক দিন থেকেই চলছে। জনপ্রিয়তার বিচারে পেরিও কম যান না। কিন্তু ডার্ক হর্সের মিউজিক ভিডিও নতুন বিতর্কের জন্ম দেওয়ায় হ্যাপি কিছুটা হলেও সুবিধা পাচ্ছে।
চার্টের তৃতীয় স্থানে ঠাঁয় দাঁড়িয়ে আছে ডেরুলো-২ চেইঞ্জের ‘টক ডার্টি’। ইউটিউবে প্রায় ১৪ কোটিবার দেখা হয়েছে গানটির মিউজিক ভিডিও। অনলাইনে কয়েক লাখ কপি বিক্রি হয়েছে।
চতুর্থ স্থানে নতুন আগমন জন লিজেন্ডের ‘অল অব মি’। গত সপ্তাহের একাদশ স্থান থেকে এক লাফে চতুর্থ স্থানে আসন গেড়েছে গানটি।
গত সপ্তাহে ষষ্ঠ স্থান থেকে পঞ্চমে উঠে এসেছে ব্রিটিশ রক ব্যান্ড বাস্তিলের ‘পম্পেই’।
এটি তাদের ডেব্যু অ্যালবামের গান, যা ইতিমধ্যে ‘ব্রিট অ্যাওয়ার্ড ২০১৪’-এর জন্য মনোনীত হয়েছে!
 মো. সাফিবিনদোহা