ফ্যাশন তো সবার জন্যই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছরের এক নারী যেমন পোশাক পরতে পছন্দ করেন, তা কি পঞ্চাশোর্ধ্ব কারও জন্য মানানসই? অনেক ফ্যাশন ডিজাইনার না-বাচক উত্তর দিলেও তিনি বলবেন হ্যাঁ, হতেই পারে।

ঋতু, ট্রেন্ড বা বয়সের সীমারেখা ভেঙে সর্বজনীন রূপ দিতে চান তিনি পোশাকে। জার্মানির ফ্যাশন ডিজাইনার মিশায়েল সোনট্যাগের ফ্যাশন-দর্শন এমনই।

ঢাকার গ্যেটে ইনস্টিটিউটের ছাদে চড়া রোদ বোধ হয় উপভোগই করছিলেন তিনি। পাতলা সাদা শার্ট, ঢিলে ট্রাউজার আর পায়ে রিকশা পেইন্ট করানো স্যান্ডেলে মিশায়েল দিব্যি সতেজ। ঢাকা আর বার্লিন—যোজন দূরের দুই শহরের মধ্যে মেলবন্ধন হয়েছে ফ্যাশন। বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের উদ্যোগে জার্মানি থেকে সোনট্যাগ এবং ফ্রান্স থেকে এসেছিলেন সাকিনা। এখানকার বাছাই করা নবীন কয়েকজন ডিজাইনারকে তাঁরা শেখালেন পোশাক তৈরির নানা খুঁটিনাটি। আর এই ডিজাইনারদের নকশা করা পোশাক নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে হয়ে গেল এক ফ্যাশন শো। সাকিনা আগেই চলে যান, মিশায়েল যান ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ার পর। এরই ফাঁকে মিশায়েল একদিন সময় দেন ‘অধুনা’র জন্য।

পোশাকে একটাই রং বা মনোকালারের ব্যবহার, ‘ড্রেপারি প্যাটার্ন’ তাঁর পোশাকের বৈশিষ্ট্য। কাজের ধরনটাও একটু ভিন্ন।

‘আগে স্কেচ না এঁকে, সরাসরি ম্যানিকিনের গায়ে কাপড় জড়িয়ে কাজ করতেই স্বচ্ছন্দ আমি। এখনকার ডিজাইনাররা সাধারণত নকশা এঁকে সেটা বুঝিয়ে দেন দর্জিকে। আমার সেটা পছন্দ নয়। কাপড়টা নিজের হাতে অনুভব করতে ভালোবাসি আমি।’ বলেন তিনি।

ফ্যাশন ডিজাইনারদের কাছে ‘টার্গেট গ্রুপ’ বা কাদের জন্য পোশাক বানানো হচ্ছে, এই ধারণা বেশ গুরুত্বপূর্ণ। তবে মিশায়েলের কাজের ধরন এখানে ভিন্ন। তিনি মনে করেন, তাঁর নকশা করা পোশাক সব বয়সী মানুষই পরতে পারে। গ্রাহকের বয়স নয়, বরং শারীরিক গড়নটা মাথায় রেখেই পোশাক নকশা করেন তিনি। আর এ জন্য ‘ড্রেপারি’ প্যাটার্নটা বেশ কার্যকর বলে মনে করেন তিনি। এ ধরনের পোশাক প্রায় সবাইকেই মানিয়ে যায়।

জার্মানির ফ্যাশন জগৎটা তুলনামূলক নতুন। ফ্রান্স বা যুক্তরাষ্ট্রের তুলনায় এখনকার ফ্যাশন বেশ ভিন্ন বলেও জানালেন মিশায়েল। ‘জার্মানির ডিজাইনারদের কাজের নিজস্ব একটা ধরন আছে। ফ্রান্সের সঙ্গে তুলনা করলে ততটা খোলামেলা নয়, আবার আমেরিকার চেয়েও টেইলরিং কম ব্যবহার করা হয়।’ বলেন মিশায়েল।

নিজের নকশা করা পোশাকে চড়া রঙের ব্যবহার তেমন করেন না তিনি। তবে বাংলাদেশের পোশাকে রঙের ব্যবহার নাকি নজর কেড়েছে তাঁর, ‘এখানকার কারুশিল্প দেখে আমি মুগ্ধ।’

বাংলাদেশে এই প্রথম এলেন তিনি। তবে আবার আসতে চান, নিজের নকশা করা পোশাকের প্রদর্শনী করতে চান মিশায়েল এখানে।

l ফ্যাশন শোর ছবি থাকছে দ্বিতীয় পাতায়।