ফ্রাঙ্কফুর্টে শেরিলের মৃত্যু আতঙ্ক!
সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে তীব্র এক ঝড়ের কবলে পড়েছিল ব্রিটিশ গায়িকা শেরিল কোলকে বহনকারী বিমানটি। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের সেই প্রচণ্ড ঝড়ের পাশাপাশি রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানটির খুব কাছে মুহুর্মুহু বজ্রপাতের কারণে মৃত্যু আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছিলেন ২৮ বছর বয়সী এই গায়িকা।এ প্রসঙ্গে শেরিলের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের সান পত্রিকা জানিয়েছে, ‘প্রচণ্ড ঝড়ের কারণে টার্মিনাল পর্যন্ত যেতে না পেরে রানওয়েতেই দাঁড়িয়ে পড়েছিল বিমানটি। আমরা সবাই আতঙ্কিত হয়ে বিমানের ভেতরে বসে ছিলাম। হঠাত্ বিমানটির বাইরের অংশে তীব্র উজ্জ্বল এক আলোর ঝলকানি দেখে আমার বন্ধুদেরকে বললাম, বজ্রপাত! আর এর পরপরই শুরু হলো সেই বজ্রপাত, সে সময় মৃত্যু আতঙ্কে আমি শিউরে উঠছিলাম।’শেরিল আরও বলেছেন, ‘এমন পরিস্থিতিতে পড়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বারবারই মনে হচ্ছিল, জীবনের শেষ দিনটি বোধহয় চলেই এসেছে; সবকিছু শেষ হয়ে যাবে। অ্যালবামের প্রচারণা, বাকি পড়ে থাকা কাজগুলো শেষ না করেই বোধহয় মরে যাচ্ছি আমি।’