ফ্রান্স সরকারের আমন্ত্রণে ‘ডোন্ট আস্ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স সফরে গেলেন বর্তমান সময়ের আলোচিত ব্যান্ড দল ‘ডোন্ট আস্ক’। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা এবং চট্টগ্রামের যৌথ উদ্যোগে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠেয় অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে ব্যান্ডদলটি।‘লো বাংলাদেশ আঁঁ পাহি’ বা ‘প্যারিসে বাংলাদেশ’ শিরোনামের এ অনুষ্ঠানটি ৩১ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। কাল বৃহস্পতিবার রাতে প্যারিসের কেন্দ্রীয় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে গানের অনুষ্ঠানে পারফর্ম করবেন তাঁরা। যাওয়ার আগে ব্যান্ড দলটির অন্যতম সদস্য জীবন বলেন, ‘অনেক দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে গান-বাজনা করেছি। কিন্তু এবারেরটি একেবারে ব্যতিক্রম। কারণ আমরা ফ্রান্সে যাচ্ছি স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গান করতে, যা নিঃসন্দেহে আমাদের সবার জন্য আনন্দের।’জীবন আরও বলেন, ‘এখানে আমরা দেশের গান, শাস্ত্রীয় সংগীত এবং বেশ কিছু ফিউশনও করব।’ এদিকে আলিয়ঁস ফ্রঁসেজের প্রকল্প কর্মকর্তা খন্দকার মো. মাহমুদ হাসান বলেন, ‘এবারই প্রথম আমরা এ ধরনের আয়োজন করছি। আমরা চাই, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ফ্রান্সসহ বিশ্ববাসী বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যগত বিভিন্ন বিষয়ের সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হতে পারবে।তিনি বলেন, ‘শুধু গানের অনুষ্ঠানই নয়, আমরা সেখানে ১৫ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীরও আয়োজন করেছি। সেখানে বাংলাদেশের নামকরা চিত্রশিল্পীদের নানা শিল্পকর্ম প্রদর্শন করা হবে।’