ফ্রান্সের উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য

ফ্রান্সে শুরু হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘টুস খু’। উৎসবের ৩৪তম এ আসরে উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। নভেম্বর মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে ছয় দিনের এ উৎসব।
এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য এ ছবিটি। একজন সদ্য বিধবা কবিপত্নীর বেদনাবোধ নিয়ে স্বল্পদৈর্ঘ্যটির গল্প লিখেছেন তাসমিয়াহ্ আফরিন। এতে অভিনয় করেছেন আলী আহসান ও দিলরুবা হোসেন যিনি দোয়েল নামে পরিচিত। দোয়েল জানান, এটাই তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেছেন, ‘গতকাল জানতে পেরেছি যে ছবিটা ফ্রান্সের ওই উৎসবে দেখাবে। খুব ভালো লাগছে। আশা করছি ডিসেম্বরে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখতে পারবেন দেশের দর্শকেরা।’ ছবিটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গতকাল ফেসবুকে একটি পোস্ট লিখেছেন এই অভিনেত্রী।
রুবাইয়াত হোসেনের প্রযোজনায় ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ছবিটি পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন। এক্স-ওন-প্রোভঁন্স ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল নামে পরিচিত ‘টুস খু’ চলচ্চিত্র উৎসবটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।