ফ্রান্সের উৎসবে 'ঢাকা ২.০০'

>
- ‘ঢাকা ২.০০’ যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য ছবির বড় উৎসব ক্লেরম ফেরে।
- আজ ফ্রান্সের ক্লেরম ফের শহরে শুরু হচ্ছে এই উৎসব।
- গভীর রাতে রাস্তায় নেমেছে এক রহস্যময় আগন্তুক।
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের পর এবার একই দেশের ক্লেরম ফের চলচ্চিত্র উৎসব। ইকবাল হোসাইন চৌধুরীর থ্রিলার ছবি ‘ঢাকা ২.০০’ এবার যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য ছবির বড় উৎসব ক্লেরম ফেরে। আজ ২ ফেব্রুয়ারি থেকে ফ্রান্সের ক্লেরম ফের শহরে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
গভীর রাতের ঢাকা। রাস্তায় নেমেছে এক রহস্যময় আগন্তুক। এমন ঘটনা নিয়ে থ্রিলার ঘরানার ছবি ‘ঢাকা ২.০০ ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাহার রহমান। ছবিটি সম্পাদনা করেছেন রাশিয়ার আনাস্থাসিয়া খেভেত। ছবির সিনেমাটোগ্রাফার কবির হোসেন।
সাংবাদিক ও নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী এখন লন্ডনে। তিনি বললেন, ‘ক্লেরম ফের স্বল্পদৈর্ঘ্য ছবির দুনিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ ও শীর্ষ চলচ্চিত্র উৎসব। শুধু স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে এত বড় উৎসব খুব বেশি নেই। ফ্রান্সের এই শহরে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। কিন্তু লন্ডনে ব্যস্ততার কারণে এবার যাওয়া হয়ে উঠবে না।’
নির্মাতা জানান, উৎসব চলাকালীন ক্লেরম ফের ফিল্ম মার্কেটে ছবিটি দেখার সুযোগ পাবেন দর্শক। উৎসব শেষে ছবিটি জায়গা করে নেবে ক্লেরম ফের আর্কাইভেও। এবার উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের আরও দুটো ছবি-‘অ্যা পেয়ার অব সেন্ডাল’ এবং ‘অ্যা টয় অপারেশন থিয়েটার’।