ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ম্যাকার্টনি
ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লিজিওন অব অনারে ভূষিত হচ্ছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী স্যার পল ম্যাকার্টনি। শিগগিরই তাঁর হাতে এ সম্মাননা তুলে দেবেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ।সংগীত জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ম্যাকার্টনিকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮০২ সালে এই সম্মাননার প্রবর্তন করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি এক্সপ্রেস।তারকাদের মধ্যে এর আগে এ সম্মাননা পেয়েছেন হলিউডের প্রখ্যাত চিত্রনির্মাতা ক্লিন্ট ইস্টউড এবং বর্ষীয়ান মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিজা মিনালি।অবশ্য ৭০ বছর বয়সী ম্যাকার্টনির জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার বিষয়টি মোটেও নতুন কিছু নয় । ইতিমধ্যে ব্রিটেনের রানি এলিজাবেথের কাছ থেকে নাটইহুড খেতাব পেয়েছেন পপ সংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী এ শিল্পী।১৯৬০ সালে জন্ম নেওয়া তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলসের কল্যাণে আন্তর্জাতিক তারকা খ্যাতি পেয়েছিলেন পল ম্যাকার্টনি। ব্যান্ডের আরেক সদস্য জন লেননের সঙ্গে মিলে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন গুণী এ শিল্পী।