ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পেলেন শাহরুখ খান

ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা নাইট অব দ্য লিজিওন অব অনার পেলেন বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ খান। বিশ্ব চলচ্চিত্র ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়া ১ জুলাই কিং খানকে এই সম্মাননা প্রদান করেন। শাহরুখের মায়ের জন্মদিন ১ জুলাই। কাকতালীয়ভাবে মায়ের জন্মদিনে সম্মাননাটি পেয়ে শাহরুখ তাঁর মাকে স্মরণ করে বলেন, ‘আজ মা বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন।’
মর্যাদাপূর্ণ নাইট অব দ্য লিজিওন অব অনার সম্মাননায় ভূষিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহরুখ বলেন, ‘জীবনে এমন কিছু মুহূর্ত এসে ধরা দেয়, যখন মনে হয় ঠিক পথেই এগোচ্ছেন আপনি। আমার কাছে এটি তেমনই এক মুহূর্ত। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই সম্মাননা গ্রহণ করছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এই সম্মাননা প্রদান করায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়ার পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকেও ধন্যবাদ জানান শাহরুখ। তিনি বলেন, ‘আমি হিন্দি চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। এই অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি পেয়ে সত্যিই অনেক বেশি গর্ব অনুভব করছি। হিন্দি চলচ্চিত্রকে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সম্মাননা অবশ্যই বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। হিন্দি চলচ্চিত্রের প্রতি এই গ্রহণযোগ্যতা ও ভালোবাসা প্রদর্শনের জন্য ফ্রান্সকে ধন্যবাদ।’
এদিকে মায়ের জন্মদিনে নাইট অব দ্য লিজিওন অব অনার সম্মাননা পাওয়ার পর এক টুইটার বার্তায় শাহরুখ লেখেন, ‘মায়ের জন্মদিন এবং নাইট অব দ্য লিজিওন অব অনার। মা বেঁচে থাকলে অনেক বুড়িয়ে যাওয়ার পাশাপাশি অনেক খুশিও হতেন। ধন্যবাদ ফ্রান্স। ধন্যবাদ আমার ভারত।’