শিশু-কিশোরদের কলহাস্যে মুখর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। অনেকেই ব্যতিব্যস্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে। উচ্ছ্বাস, উদ্দীপনায় প্রাণবন্ত ছোটাছুটি তাদের। বড়রাও ছিলেন, তবে তাঁদের ভূমিকা সহায়কের। আয়োজনের নেতৃত্বে দেখা গেল শিশু-কিশোরদেরই। সেটাই স্বাভাবিক। কারণ, অনুষ্ঠানটি তাদেরই।গতকাল শুক্রবার এমনই ছিল ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ‘চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’-এর শুরুর পরিবেশ। বাংলাদেশ চিলড্রেনস ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন শিল্পী মুস্তফা মনোয়ার। একই সঙ্গে গতকাল চট্টগ্রাম এবং রাজশাহীতেও উৎসব শুরু হয়েছে। চট্টগ্রামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয় থিয়েটার ইনস্টিটিউটের মূল মিলনায়তনে। উদ্বোধন করেন অধ্যাপক মাহবুবুল হক। আর রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠান হয় মেডিকেল কলেজ মিলনায়তনে, উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।ঢাকায় উৎসবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণ শত শত শিশু-কিশোরের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে। নকশা করা নানা রঙের কাগজ দিয়ে সাজানো হয় পুরো চত্বর। মূল প্রবেশপথের দুই পাশে ছিল শিশুদের আঁকা বিচিত্র বিষয়ের চিত্রকর্মের উপস্থাপনা।শুরুতেই জাতীয় পতাকা এবং উৎসবের পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে। শান্তির প্রতীক সাদা কবুতর ও বেলুন উড়িয়ে অতিথিরা আনুষ্ঠানিক উদ্বোধন করলে শিশুরা তাঁদের নিয়ে আসে শওকত ওসমান মিলনায়তনে।চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয়।বক্তারা বলেন, ‘আমাদের শিশুরা নানাভাবে অবহেলিত। তাদের বিনোদনের ব্যবস্থা নেই। শিশুদের জন্য কোনো আয়োজন করলে পৃষ্ঠপোষক পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে এ ধরনের আয়োজন সবার জন্যই আনন্দের।’ তাঁরা শিশুদের মানসিক বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এবারের উৎসবে মোট ৪০টি দেশের ২৩৩টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। ঢাকায় নয়টি, চট্টগ্রামে তিনটি ও রাজশাহীতে দুটি কেন্দ্রে চলচ্চিত্র দেখানো হবে। ঢাকায় ছবি দেখানোর স্থানগুলো হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ কলেজ অব লেদার অ্যান্ড টেকনোলজি মিলনায়তন এবং খিলগাঁও মডেল স্কুল মিলনায়তন।এ ছাড়া উৎসবে শিশুদের নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতারও আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, এই বিভাগে প্রাথমিকভাবে জমা পড়ে ৯৮টি ছবি। পরে সেখান থেকে ৪৮টি ছবিকে মূল প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে। এ থেকে পাঁচটি ছবির নির্মাতাকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে ক্রেস্ট, সনদপত্র এবং পরবর্তী ছবি বানানোর জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা।উৎসবে ১২৬ জন শিশু প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ছবির নির্মাতা ছাড়া বাকিদের একটি রচনা প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন সুবিধাবঞ্চিত ও ১০ জন প্রতিবন্ধী শিশুও রয়েছে।এবারের উৎসবে চিলড্রেনস ফিল্ম সোসাইটিকে মূল সহযোগিতা করছে ইউনিসেফ। এ ছাড়া আরও সহায়তা করছে প্রথম আলো, বাংলাদেশ শিশু একাডেমী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, অ্যাকশনএইড ও রয়েল ডেনিশ এমবাসি।