ফ্লপ মাস্টার জেনারেল থেকে মহানায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এখন সবাই মহানায়ক বলতে তাঁকেই চেনেন। কিন্তু এই মহানায়কের শুরুতে ছিল একের পর এক ব্যর্থতা, অপমানের পর অপমান। সেসব কথাই আত্মজীবনীতে লিখতে বসেছিলেন উত্তমকুমার। আজ ৯০তম জন্মবার্ষিকীতে আত্মকথা থেকে উত্তমকুমারকে জানাচ্ছেন মাসুম আলী।
‘নায়ক’ ছবিতে উত্তমকুমার
‘নায়ক’ ছবিতে উত্তমকুমার

‘আর ফিল্ম লাইন নয় দাদা, যথেষ্ট হয়েছে এইবার নিয়ম করে দশটা-পাঁচটা অফিস।’ কথাগুলো উত্তমকুমার লিখেছেন তাঁর আত্মজীবনীতে। কেন?
১৯৪৮ থেকে ১৯৫২। উত্তমকুমার যে-সাতটি ছবিতে অভিনয় করেন তা-র সব ক’টাই ছিল ফ্লপ। ‘দৃষ্টিদান’, ‘কামনা’, ‘মর্যাদা’, ‘ওরে যাত্রী’, ‘সহযাত্রী’, ‘নষ্ট নীড়’, ‘সঞ্জীবনী’। টালিগঞ্জে তখন তাঁকে বলা হতো ‘ফ্লপ মাস্টার জেনারেল’।
ষাটের দশকে একটি ফিল্মি পত্রিকায় দু’বছর ধরে উত্তম লিখেছিলেন তাঁর সেই দুঃসময়ের নানা কাহিনি ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’। সেখানে দুঃসময়ের ওই দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে উত্তমকুমার লিখেছেন, ‘ইলেকট্রিকের আলোর সাহায্যে রুপালি পর্দার ওপর আমার ছবি দেখে অনেকেই আমার সম্বন্ধে বিভ্রান্তিকর ধারণা করতে শুরু করেছেন। আর সেই ভ্রান্তি আমাকে নিয়ে যাচ্ছে পৃথিবী থেকে তুলে আর এক কল্পলোকে যেখানকার অধিবাসী আমি নই, হওয়ার যোগ্যতাও রাখি না।... যেমন বড়লোক সাজি তেমন গরিব চাকরও মাঝে মাঝে সাজতে হয়। সবচেয়ে মজার কথা এই যে, অনেকে ভাবেন গরিবের চরিত্রে অভিনয় করাটাই আমার সত্যিকারের অভিনয় আর শেষেরটা আমার জীবন।’
তারপরেই উত্তম লিখছেন, ‘কিন্তু আপনারা বিশ্বাস করুন, রূপকথার রাজপুত্তুর আমি নই। আপনাদেরই মতো সাধারণ রক্তমাংসে গড়া মানুষ।’ সেই সাধারণ রক্তমাংসে গড়া মানুষটির বাবা এ শহরে মেট্রো কোম্পানির বায়োস্কোপে চিফ অপারেটর হিসেবে কাজ করতেন। আর তিনি, অরুণ কুমার চট্টোপাধ্যায় পোর্ট কমিশনার্সের অফিসে সামান্য কেরানি। অভাবের সংসারে সামান্য উপার্জন করার চেষ্টা করেন, পাড়ার যাত্রায় টুকটাক অভিনয় করেন এবং ‘অলি-গলি-পাকস্থলী’র শহর কলকাতায় আর পাঁচটি যুবকের মতো প্রেমেও পড়েন।

পরিচিত দাদা গণেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগে হিন্দি ছবি ‘মায়াডোর’-এ অভিনয়ের ডাক এসেছিল বটে, কিন্তু সেখানে তাঁর কাজ বিয়ের আসরে স্রেফ বর সেজে বসে থাকা। তবু, সিনেমায় ‘নামা’ তো বটে। উত্তম লিখছেন, ‘এত বড় খবরটা আমি চেপে রাখব কী করে? সারা বাস বাদুড়ঝোলা হয়ে গিয়েও খুঁজতে লাগলাম যদি কোনো চেনা লোক চোখে পড়ে। অন্তত তাকে বলেও খানিকটা নিশ্চিন্ত হওয়া যেতে পারে।’
যথারীতি অফিসে পৌঁছে রাষ্ট্র করলেন খবরটি। প্রশংসার পাশাপাশি মিলল বিদ্রূপও। কেননা তখনো চলচ্চিত্রে ‘নামা’ মানে তো গোল্লায় যাওয়া। বাড়িতে মাকে বুঝিয়ে সুজিয়ে, অনেক বাধা পার হয়ে শেষে স্টুডিওর দরজায় পৌঁছালেন অরুণ কুমার। ওই দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘বর সেজে ক্যামেরার সামনে বসলাম। ফটাস করে ক্ল্যাপস্টিক টানা হলো। ক্যামেরার হাতল ঘুরতে লাগল ঘরঘর করে। আমারও বুকের ভেতর করতে লাগল গুরগুর। শুটিংয়ের পর সেদিন মনে হয়েছিল, বায়োস্কোপে ছবি তোলা কী শক্ত রে বাবা! থিয়েটার করেছি, যাত্রা করেছি... কিন্তু আজকে এই একটা ছোট্ট সেটের মধ্যে গোটাকতক আলোর সামনে অভিনয় করতে একেবারে ঘেমেনেয়ে গেলুম!’

‘মহানায়িকা’ সুচিত্রা সেনের সঙ্গে
‘মহানায়িকা’ সুচিত্রা সেনের সঙ্গে

শুধু অভিনয়ের জায়গাটি কঠিন ছিল না, কঠিন ছিলেন নেপথ্যের মানুষজনও। নিজের জীবনে অনেক অপমান সহ্য করতে হয়েছে উত্তমকুমারকেও। যেমনটি হয়েছিল ১৯৫০-এ। ইন্দ্রপুরী স্টুডিও। রাজেন চৌধুরীর ‘ওরে যাত্রী’ শুটিং নিয়ে উত্তমকুমার লিখছেন, ‘গেলাম ইন্দ্রপুরী স্টুডিওতে। কারণ ওখানেই আমাদের তখন ‘ওরে যাত্রী’ তোলা হচ্ছে। কিন্তু তখন স্টুডিওর পরিবেশ আজকের মতন ছিল না। একদল লোক সদাসর্বদা সেটের মধ্যেই বসে থাকতেন। তাঁরা না শিল্পী না টেকনিশিয়ান। অথচ তাঁদের সঙ্গে পরিচয় থাকত সব পরিচালক আর প্রযোজকদের।... নতুন কোনো ছেলে বা মেয়েকে স্টুডিওর মধ্যে আসতে দেখলেই তাঁরা তাঁদের সমস্ত শক্তি নিয়ে পরিচালক আর প্রযোজককে বোঝাবার চেষ্টা করতেন, নতুন ছেলে বা মেয়েটার কিছু হবে না।... আমার জীবনেও এর ব্যতিক্রম হয়নি।’
‘ওরে যাত্রী’র শুটিংয়ে এক ডাক্তারের চরিত্রে অভিনয় করছিলেন উত্তমকুমার। রোগিণী হয়েছেন মঞ্চ ও পর্দার বিখ্যাত অভিনেত্রী প্রভা দেবী। প্রথম দৃশ্যেই উত্তম তাঁর নাড়ি পরীক্ষা করবেন। চিত্রধারণ শুরু হবে। মুখে আলো ফেলা হলো। সঙ্গে সঙ্গেই একজন বলে উঠলেন, ‘রাজেনদা, এ কলির ভীমকে কোথা থেকে পেলেন? পায়ে পাথর বেঁধে না রাখলে ঝড় দিলে উড়ে যাবে যে!’ উত্তম লিখেছেন, ‘কথাটা প্রায় শাণিত ছুরির মতো বিঁধলো আমার মনের ওপর। আর একজন মন্তব্য করলেন, একেবারে নতুন আমদানি হয়েছে যে গাঁ থেকে।... একে নার্ভাসনেস আর উত্তেজনায় আমার আগেই হাত-পা ঠান্ডা হতে আরম্ভ করেছিল, এ ধরনের মন্তব্য শুনে শুরু হলো কাঁপুনি।’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে উত্তম আরও লিখেছেন, ‘নাড়ি দেখবার জন্যে প্রভা দেবীর হাত ধরলাম। আমার ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে প্রভা দেবী চোখ তুলে আমার মুখের দিকে চাইলেন। তারপর বললেন, “এ ছেলে অভিনয় করবে কী! এর তো এখনই হাত পা ঠান্ডা হয়ে জমে এসেছে।”... ভিড়ের মধ্যে একজন বলে উঠল, “চেহারা দেখেই আমাদের মালুম হয়েছে। আগেই বলেছিলুম এর দ্বারা কিস্‌সু হবে না।”’
এত অপমানের পরও উত্তমকুমার ফিরে যাননি। কিন্তু এই কঠিন সময়ে জীবনটা যে কতটা অসহনীয় হয়ে উঠেছিল কাহিনির প্রতিটি শব্দে বুঝিয়েছেন। ‘ওরে যাত্রী’ দর্শক নেয়নি। দু-তিন সপ্তাহ চলেই বন্ধ হয়ে গেল। এরপর ‘কামনা’ও ফ্লপ করল, যেখানে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন উত্তমকুমার। আত্মকথাতে লিখেছেন, ‘নায়ক সেজে আমার অভিনয় করার স্বপ্ন, স্বপ্ন হয়েই মিলিয়ে গেল। মনে হলো, কী আর হবে ছবি করে! নাম তো করতে পারলাম না! দর্শকের মনে রেখাপাতই যদি না করতে পারি, তাহলে আমার অভিনয় করে লাভ!’
এমন সময় খবর পেলেন, সরোজ মুখোপাধ্যায় নায়ক খুঁজছেন। ওঁরা প্রথমে প্রখ্যাত অভিনেতা প্রদীপ কুমারকে ছবির নায়ক ঠিক করেছিলেন। কিন্তু অন্য একটা ছবির কাজে তিনি আটকে যাওয়ায়, তাঁকে পাওয়া যায়নি।
উত্তম লিখছেন, ‘গিয়ে দেখা করলাম। বললাম আমার সব কথা। ওঁরা শুনলেন। শুনে কী ভেবে রাজিও হয়ে গেলেন আমায় নিতে। কেবল একটা শর্ত হলো, আমি এই ছবিতে উত্তমকুমার নামে অভিনয় করতে পারব না। এ ছবিতে আমার নামকরণ হলো অরূপ কুমার।’ কিন্তু নাম বদলেও কাজ হল না। ছবি আবার ফ্লপ।
এভাবেই টানা ফ্লপ হতে হতে উত্তম প্রথম আশার আলো দেখেছিলেন নির্মল দে-র ‘বসু পরিবার’ ছবিতে। সেখানেও শুরুতে বাধা। আপ্রাণ চেষ্টা করেও প্রথমে জায়গা পাননি তিনি। নায়কের ভূমিকায় নেওয়া হয়েছিল অন্য এক অভিনেতাকে।
কিন্তু চিত্রনাট্য লেখা হয়ে যাওয়ার পরেও তিনি অন্য শুটিংয়ে ব্যস্ত থাকায় আসতে পারেননি। এদিকে ছবির কাজে দেরি হয়ে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে পড়ছেন পরিচালক-প্রযোজক সবাই। শেষে উত্তমকুমারকে দিয়েই ছবির কাজ শুরু করলেন তাঁরা।

নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে
নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে

উত্তমকুমারের লেখায় এ সময়ের কথা, ‘আমি যথাসাধ্য অভিনয় করবার চেষ্টা করলাম। ঠিকই করে ফেলেছি, যদি এ ছবিতেও দর্শকের মনোরঞ্জন না করতে পারি, তা হলে এ লাইন ছেড়ে দেব জন্মের মতন। এই ছবিতেই আমার বোনের ভূমিকায় অভিনয় করতে আসেন বর্তমানের বিখ্যাত নায়িকা সুপ্রিয়া চৌধুরী।’
ওই ছবির কারিগরি প্রদর্শনীর পর বেশ সমালোচনা হয়েছিল। ‘ছবি মোটেই সুবিধের হয়নি। এখন জনসাধারণের কানের পর্দা থাকলে হয়!’ এমন মন্তব্য শুনে পোর্ট কমিশনার্সে সহকর্মী গোরাচাঁদ বাবুকে উত্তম বলেছিলেন, আর নয়, অনেক হয়েছে, সিনেমা লাইনটাই ছেড়ে দেবেন। আবার ফিরে যাবেন দশটা-পাঁচটার অফিসে।
কিন্তু ‘বসু পরিবার’-এ দর্শক তাঁকে নিল। ‘দর্শক আমাকে নিয়েছেন। যত শুনি তত আনন্দ পাই। কারণে-অকারণেই যেতাম সেই সমস্ত ছবিঘরের সামনে, যেখানে “বসু পরিবার” দেখানো হচ্ছে। চেয়ে দেখতাম দর্শকদের ভিড়। আত্মগোপন করে শুনতাম আমার প্রশংসা। কেউ যাতে না চিনতে পারে, তা-র জন্য পরতাম কালো চশমা।’
ফ্লপ ছবির গ্লানি ও অপমানকে জয় করে এভাবেই তিনি হলেন চিরকালের মহানায়ক। আজ তাঁর ৯০তম জন্মবার্ষিকী। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্মেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা।