ফ্লোরেন্সের ‘চাবি’ পেলেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ফ্লোরেন্স শহরের ভারপ্রাপ্ত মেয়র সম্মাননা হিসেবে শহরটির চাবি তুলে দিয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে। ইতালিতে অনুষ্ঠিত একমাত্র ভারতীয় চলচ্চিত্র উত্সব ‘রিভার টু রিভার ফ্লোরেন্স ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের’ উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ এ সম্মাননা দেওয়া হয়েছে ৭০ বছর বয়সী অমিতাভকে। ইতালির ফ্লোরেন্স শহরে এ উত্সবের ১২তম আসর বসেছে ৭ ডিসেম্বর শুক্রবার, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। উত্সবে অমিতাভ অভিনীত ‘দিওয়ার’, ‘শোলে’ এবং ‘ব্ল্যাক’ ছবিগুলো প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। স্বভাবতই এমন সম্মাননা পেয়ে দারুণ খুশি অমিতাভ। এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘ফ্লোরেন্সের সৌন্দর্য এবং আভিজাত্যে আমি মুগ্ধ। সম্প্রতি সম্মাননা হিসেবে সুন্দর এই শহরের চাবি আমার হাতে তুলে দিয়েছেন শহরটির ভারপ্রাপ্ত মেয়র। পর্যটক নয়, অতিথি হিসেবে আবার শহরটিতে আমায় আসতে বলেছেন তিনি। এর চেয়ে বড়ো স্বীকৃতি আর কী হতে পারে! ইতালিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতসহ আরও অনেক গণ্যমান্য অতিথির সামনে আমায় এ সম্মাননা দেওয়ায় আমি অভিভূত।’