ফয়েজ জহির ৫ প্রশ্ন
বাঙলা থিয়েটারের প্রথম প্রযোজনা মানুষ নাটকটি। নির্দেশক ফয়েজ জহির। বাঙলা থিয়েটারে তাঁর আরও একটি জনপ্রিয় প্রযোজনা চে’সাইকেল। এবার এখানে শহীদুল মামুনের লেখা একক নাটক দি ডিসটেন্ট নেয়ার-এর নির্দেশনা দিচ্ছেন ফয়েজ জহির। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন। প্রথমবারের মতো একক নাটকের নির্দেশনা দিচ্ছেন। কেমন লাগচ্ছে?দীর্ঘদিন ধরেই আমি থিয়েটার নিয়ে কাজ করছি। অনেক নাটকেরই নির্দেশনার কাজ করেছি। এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। জটিল কাজ এটি। যদিও এ নাটকের একক অভিনেতা মামুনুর রশীদ। এ ক্ষেত্রে তিনি এবং নাটকটির নাট্যকার শহীদুল মামুন আমাকে সহযোগিতা করছেন। নাটকটির মহড়ার আগে তিন মাস আমরা এটি নিয়ে কাজ করেছি। এরপর মহড়ায় গেছি। নাটকটি নিয়ে প্রতি মুহূর্তই কঠিন সময় পার করছি।এখন পর্যন্ত নাটকটি কোন পর্যায়ে আছে?মহড়া চলছে। নাটকের ডিজাইনটা মোটামুটি রপ্ত করতে পেরেছি। তবে অভিনেতার সংলাপগুলো এখনো আয়ত্তে আসেনি। কিন্তু মামুনুর রশীদ প্রতিদিনই নাটকটি নিয়ে প্রচুর পরিশ্রম করছেন। আশা করছি, আমরা এ মাসেই শেষ করে আনতে পারব। ১২, ১৩ আগস্ট নাটকটির কারিগরি মঞ্চায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ আগস্ট ব্রিটিশ কাউন্সিলে নাটকটির উদ্বোধন হবে। এদিকে স্কটল্যান্ডের এডিনবার্গ সিরেন্স উৎসবে ২২ থেকে ২৭ আগস্ট এই নাটকটি মঞ্চায়নের জন্য আমন্ত্রণ এসেছে। নাটকের বিষয়বস্তু কী?শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের চরিত্র থেকে নাটকটির গল্প উঠে এসেছে। শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথের চরিত্রগুলোর কথোপকথনের মধ্য দিয়ে মঞ্চে চরিত্রগুলো আসে।নাটকটির নির্দেশনার ব্যাপারে আপনার মতামত?মানুষ বা চে’সাইকেল নাটক দুটি যে ধরনের, তা থেকে এ নাটকটি একেবারেই ভিন্ন। তবে এই নাটকটি করতে গিয়ে আমি অনেক কিছুই শিখতে পারছি। নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। কেননা নাটকের গল্পের কারণে আমাকে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ সম্পর্কে আরও বিশদ জানতে হচ্ছে। তাঁদের রচনাবলি বারবার পড়তে হচ্ছে। এই নাটকটির নির্দেশনা দিতে পারাটা আমার জন্য বড় পাওয়াও বটে।আপনি বলছিলেন, আরণ্যক নাট্যদল থেকে নতুন নাটকের নির্দেশনা দেবেন। তার খবর কী?মামুনুর রশীদের লেখা বঙ্গভঙ্গ নাটকটির নির্দেশনা দেওয়ার কথা আছে। দি ডিসটেন্ট নেয়ার নাটকটির কাজ শেষ হলে আরণ্যক থেকে বঙ্গভঙ্গ নাটকটির নির্দেশনা শুরু করব বলে ভাবছি। আশা করা যায়, সেপ্টেম্বর নাগাদ নাটকটির মহড়া শুরু করা যাবে এবং এ বছরই মঞ্চে আনব।