
আড্ডা বলতে যে দৃশ্যটি মনে ভাসে, আয়োজনটি ঠিক সে রকমই ছিল। নির্ধারিত কোনো বিষয় ছিল না, কিন্তু অনেক কথা হয়েছে। সবাই গোল হয়ে মুখোমুখি বসেছিলেন। বাড়তি ছিল আনুষ্ঠানিকতা আর ব্যানার। কথা, গল্পে দারুণ জমে ওঠে ‘আড্ডা শুধু আড্ডা’ শীর্ষক আয়োজনটি।
অ্যাডর্ন পাবলিকেশন আয়োজিত চৈত্রসংক্রান্তির বই উৎসবের পাশাপাশি চলছে নানা অনুষ্ঠানমালা। এই ধারাবাহিকতায় অ্যাডর্নের দেড় যুগপূর্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে আড্ডা শুধু আড্ডা। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দোতলার সেমিনার হলে নবীন-প্রবীণ লেখক-পাঠকেরা মিলিত হন এই জমজমাট আড্ডায়।
অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন আগতদের স্বাগত জানান। এরপর আড্ডার শুরু করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। একে একে এতে অংশ নেন রেজাউর রহমান, মাহবুব তালুকদার, মোরশেদ শফিউল হাসান, রবিউল আলম, মোস্তাক শরীফ, মিনার মনসুর, জুনান নাশিত, কবির চান্দসহ আরও অনেকে।