বই থেকে 'উত্তরের গেরিলা'

‘জন্মদিনে একটা বই উপহার পেয়েছিলাম, মাহবুব আলমের যুদ্ধকথন গেরিলা থেকে সম্মুখযুদ্ধে। বইটি পড়ে আমি যেন অদেখা মুক্তিযুদ্ধকে দেখতে পেলাম। মায়ের মুখ থেকেও মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। মায়ের কথার সঙ্গে বইটির বেশ মিল খুঁজে পাই। এরপর বইটির লেখকের সঙ্গে যোগাযোগ করি। তাঁকে আমার পরিকল্পনার কথা জানাই।’ প্রামাণ্য তথ্যচিত্র উত্তরের গেরিলা নিয়ে আলাপের শুরুতে এভাবেই বললেন ইমন শিকদার। ছবিটি তিনিই তৈরি করেছেন।
ইমন জানান, ছবিটির কাজ তিনি শুরু করেন ২০০৬ সালে। আর শেষ করেছেন মাস দুয়েক আগে। আগামী শুক্রবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে উত্তরের গেরিলার উদ্বোধনী প্রদর্শনী হবে।
উত্তরের গেরিলা সম্পর্কে মাহবুব আলম বলেন, ‘ছবিটি তৈরির ব্যাপারে আমার থেকে ইমনকে যতটুকু সহযোগিতা করার সুযোগ ছিল, তার পুরোটাই করেছি। ইমনও খুব পরিশ্রম করেছে। শুনেছি, ছবিটি তৈরি করতে গিয়ে ইমন একটি জমি বিক্রি করেছে।’
ইমন বলেন, ‘গেরিলা থেকে সম্মুখযুদ্ধে বইয়ের কিছু চুম্বক অংশ, যেগুলো আমাদের সবাইকে স্পর্শ করে, সেগুলোকেই এই ছবিতে বেশি গুরুত্ব দিয়েছি। ঘুরে বেড়িয়েছি এই বইয়ে উল্লেখ করা স্থানগুলোতে। বই থেকে পাওয়া কয়েকজন ব্যক্তির সাক্ষাৎকার রেখেছি। মাহবুব আলমের সাক্ষাৎকারও নিয়েছি।’