বইপড়ুয়াদের আনন্দযজ্ঞ
রমনার বটমূলে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে গতকাল শনিবারও বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। মাইক্রোফোনে বাজছিল ‘জগতের এই আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ’। নানা রঙের ব্যানারে শোভা পাচ্ছিল ‘আলোকিত মানুষ চাই’, ‘বই পড়ো জীবন গড়ো’, ‘সম্পন্ন মানুষ চাই’, ‘আমার মাঝে যদি উত্তম কিছু থাকে, তার জন্য আমি বইয়ের কাছে ঋণী’, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’ প্রভৃতি স্লোগান। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন।অনুষ্ঠান শুরু হয় বিকেলে। উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘অশুভের বিপরীতে শুভ মানুষ সংঘবদ্ধ হলে আমরা অবশ্যই জয়ী হব। বই পড়ে পড়ে তোমরা সেদিকেই এগোচ্ছ। তোমাদের আরও বেশি বেশি বই পড়তে হবে। তোমাদের জন্য শুভকামনা।’ এরপর শুরু হয় অতিথিদের শুভেচ্ছা বক্তব্য।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এর নানাবিধ শুভ কার্যক্রম আমাদের বারবার সে কথা মনে করিয়ে দেয়।’ ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমাদের অনেক কিছু নেই। কিন্তু স্বাধীন একটি দেশ রয়েছে। এখনো পর্যন্ত পৃথিবীর অনেক জাতিগোষ্ঠীর তা নেই। তাই অনেক অপূর্ণতার মধ্যেও নিজেকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম, নাট্যজন খায়রুল আলম, প্রকৌশলী মো. আবদুল আউয়াল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথিরা মহানগরের ৩১টি স্কুলের এক হাজার ৯৮৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যায় অনুষ্ঠানস্থলের বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেওয়া হয়। সমবেত সবাই প্রদীপ হাতে নিয়ে গাইতে থাকে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।