বইমেলা নিয়ে লেখক ঐক্যের দশটি প্রস্তাব

অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে লেখক-প্রকাশকের নিরাপত্তাব্যবস্থা জোরদার, বইমেলার সময়সীমা বৃদ্ধিসহ ১০টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ লেখক ঐক্য।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির সদস্যরা এসব প্রস্তাব দেন। লিখিত বক্তব্যে বলা হয়, অমর একুশে গ্রন্থমেলা কেবল একটি গ্রন্থমেলাই নয়, বরং এটি বাঙালির আত্মপরিচয় প্রকাশের প্রধানতম মাধ্যম। কাজেই এই মেলার উৎকর্ষের জন্য যা কিছু প্রয়োজন, তার সবটাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানকে করতে হবে।
এ প্রস্তাবগুলো সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রাখাল রাহা।
লিখিত লিখিত বক্তব্যে রাখাল রাহা দশ দফা প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো লেখক ও প্রকাশকের নিরাপত্তা জোরদার করা, লেখকের পাওনা সম্মানী মেলা চলাকালীন সময়ে বিশেষ সমঝোতা-প্রক্রিয়ায় দেওয়া, বই বাজেয়াপ্ত বা স্টল বন্ধ করার ব্যাপারে মেলা কর্তৃপক্ষের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ না করা, বইমেলাকে আন্তর্জাতিক চরিত্র দেওয়া, মেলাপ্রাঙ্গণের মূল নকশা ও স্টল বিন্যাস সহজ করা, বইমেলা বন্ধের সময় রাত আটটার পরিবর্তে রাত নয়টা করা, মূল মেলা প্রাঙ্গণে ছোট কাগজের স্টলগুলো অন্তভুক্ত করা, বই বিক্রিতে ছাড়ের হার বৃদ্ধি করা, ছোটদের কর্নার স্টল আরও আকর্ষণীয় করা এবং মূল মেলা প্রাঙ্গণে বিনা মূল্যে বিশুদ্ধ পানি ও চা-কফি-হালকা খাবারের দোকান রাখা।
কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম বলেন, ‘মেলার সময় কমিয়ে এনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা—এটা কোনো নিরাপত্তা ব্যবস্থা হতে পারে না। বইয়ের মূল ক্রেতারা সন্ধ্যা ছয়টার পরে মেলায় আসেন, সেখানে রাত আটটার মধ্যে মেলা বন্ধ করে দেওয়া কোনো বিবেচক সিদ্ধান্ত নয়।’
সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ‘বাংলাদেশ লেখক ঐক্য’র কার্যকরী কমিটির সদস্যগণ। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি শওকত হোসেন, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, কবি চঞ্চল আশরাফ, গবেষক-প্রাবন্ধিক ফাহমিদুল হক, প্রাবন্ধিক ও সহসভাপতি আরশাদ সিদ্দিকী, গবেষক পাভেল পার্থ প্রমুখ।