বইমেলায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অমর একুশে বইমেলার উদ্বোধনী দিনে শুরু হবে ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বাংলা একাডেমির আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্‌যাপন পর্ষদের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক ফকরুল আলম, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মুহম্মদ সামাদ, কবি ফরিদ কবির, কথাসাহিত্যিক আনিসুল হক প্রমুখ।
শামসুজ্জামান খান বলেন, ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে বাংলা একাডেমি প্রথমবারের মতো বৃহৎ পরিসরে সাহিত্য সম্মেলনের আয়োজন করে। এরপর বিভিন্ন সময় একাডেমি আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য ও ফোকলোর সম্মেলনের আয়োজন করলেও এবারের আয়োজন নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সম্মেলনে দেশের ছয়জন বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭’ দেওয়া হবে। তাঁরা হলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, পুয়ের্তোরিকো, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশের বিশিষ্ট কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক-বুদ্ধিজীবীরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও ত্রিপুরা রাজ্য থেকেও কবি-লেখকেরা সম্মেলনে অংশ নেবেন। উদ্বোধনের পরবর্তী তিন দিনে অধিবেশনগুলোর বিষয়বস্তুর মধ্যে থাকবে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ সাহিত্য, নাট্য সাহিত্য, শিশু-কিশোর সাহিত্য, ফোকলোর। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের লেখকদের উপস্থাপিত প্রবন্ধগুলোর সংকলন যুগপৎ ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হবে। এই সম্মেলনের একটি বিশেষ অংশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কবিদের কবিতাপাঠ অনুষ্ঠিত হবে।