বইমেলায় প্রস্তুতি দেখতে দুই মন্ত্রী

আর মাত্র পাঁচ দিন পর ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। প্রকাশকেরা স্টল বুঝে পেয়েছেন। স্টল সজ্জার কাজও শুরু করেছেন। এখন চলছে স্টল তৈরির কাজ। একই দিন শুরু হবে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। যেখানে ছয় দেশের কবি-সাহিত্যিকদের মিলনমেলা বসবে। মেলার মূল প্রাঙ্গণ—বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। তবে প্রকাশকেরা সবাই স্টল পেয়েছেন উদ্যান অংশে। সুতরাং মেলার সব আকর্ষণ এখন এই অংশেই।
আজ বৃহস্পতিবার মেলার প্রস্তুতি দেখতে আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলার বর্তমান সার্বিক প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই মন্ত্রীই। বলেছেন, এবারের মেলা অন্যবারের তুলনায় আরও সুশৃঙ্খল হবে। দুই মন্ত্রীর মেলার প্রস্তুতি পরিদর্শনকালে সঙ্গে ছিলেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনীর সভাপতি মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি ওসমান গণি, নির্বাহী পরিচালক কামরুল হাসান প্রমুখ।
মেলা মাঠ পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত আমরা খুশি। সামনে যেকোনো রকমের প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মেলার মাঠ ঘুরে আমি এটুকু বলতে পারি এবার মেলা বেশ গোছানো হবে। সোহরাওয়ার্দী উদ্যানের অংশেও খাবার দোকানের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি নান্দনিক দিক থেকেও এবারের মেলাটি ভিন্ন রকম হবে।’
এই সময়জ্ঞান ও সৃজনশীল প্রকাশকদের পক্ষ থেকে মেলায় প্রবেশের জন্য যেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকের অংশেও প্রবেশদ্বার থাকে এবং পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয় সে বিষয়টি উত্থাপন করা হয়। এ ব্যাপারে সংস্কৃতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলাপ করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মেলার সময় বাড়ানোর দাবি উত্থাপন করা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘এখনো পর্যন্ত আগের সিদ্ধান্তেই মেলা চলবে। বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে। নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবার নেই।’