বকা খেয়ে 'ওকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমপক্ষে ৩০ বার এনজি হয়েছিল আইরিনের একটি শট
কমপক্ষে ৩০ বার এনজি হয়েছিল আইরিনের একটি শট

‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। তারকারা হরহামেশাই এনজি শটের মুখে পড়েন। কখনো সেই অভিজ্ঞতা বিরক্তিকর, কখনো মজার, আবার কখনো মধুর। এই বিভাগে আজ শুনুন অভিনয়শিল্পী আইরিনের স্মৃতি।

এস এ হক অলিকের একপৃথিবীরপ্রেমছবির শুটিংয়ের সময়কার ঘটনা। লালবাগ কেল্লাতে চলছিল একটি গানের শুটিং। দুপুরবেলা। কড়া রোদ। গানটির দৃশ্যের প্রয়োজনে পরতে হয়েছিল ভারি পোশাক। শুরু থেকেই নিখুঁতভাবে গানের সঙ্গে নৃত্যের পায়ের মুদ্রা মিলছিল না। এটা মেলাতে কমপক্ষে ৩০ বার এনজি হয়েছিল শটটি। ওই দিন একটু অসুস্থ ছিলাম। কিন্তু তখন ওসব মাথায় ছিল না। চেষ্টা ছিল দৃশ্যটি ঠিকঠাক করার। শেষ পর্যন্ত সফল হয়েছিলাম। কিন্তু শুটিং শেষে আরও অসুস্থ হয়ে পড়েছিলাম।

আরেকটি ঘটনা—আমার প্রথম ছবি ভালোবাসাজিন্দাবাদশুটিং সেটের। শুটিং হচ্ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। রোমান্টিক একটি দৃশ্যের শট ছিল সেটি। ক্যামেরা চলছে, আমাদের দুজনের রোমান্টিক কথোপকথন চলছে। হঠাৎ ক্যামেরা থামিয়ে দিয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস জানালেন, হচ্ছে না আবার প্রথম থেকে আসতে হবে। এনজি হয়ে গেল শটটি। দ্বিতীয়বারও তাই। এবার প্রচণ্ড বকা দিয়ে সেট থেকে বেরিয়ে গেলেন পরিচালক। এরপর সহকারী পরিচালক মনিটরে বসে দৃশ্যটি ধারণের তাগিদ দিলেন। দেখি, পরের শটেই দৃশ্যটি ওকে! আমার মনে হয়, ওই দিন দেবাশীষ দাদার বকা খেয়েই পরের টেকেই দৃশ্যটি ওকে হয়েছিল।

অনুলিখন: শফিক আল মামুন