
মেঘ গুড়গুড় করছিল, ভাপসা গরমও ছিল। খানিক বৃষ্টি হলে গুমোট ভাব কাটত, কিন্তু হলো না। নীল আকাশে সাদা মেঘের ভেলা, শিশু-কিশোরদের পোশাকেও নীল-সাদার ছোঁয়া। গতকাল শুক্রবার সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত চারুকলার বকুলতলায় শরৎ উৎসবে শিল্পী ও দর্শকদেরও অনেকের পরনে ছিল নীল-সাদায় শরতের সাজ।
রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশের গান, আবৃত্তি, সঙ্গে নৃত্যের মধ্য দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সকালে স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন ‘শত স্বপ্নের দেশ আছে এই মানচিত্রে’। সমবেত কণ্ঠে নজরুলসংগীত ‘এসো শারদ প্রাতের অতিথি’ পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। শরৎ কথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ, সঞ্চালনা করেন মানজার চৌধুরী।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে ছিল একক ও দলীয় সংগীত, নৃত্য ও আবৃৃত্তি।
ষড়্ঋতুর বাংলাদেশ
ষড়্ঋতুর বাংলাদেশ নিয়ে গান, নাচ ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত হলো দর্শনীর বিনিময়ে সংগীতানুষ্ঠান উপভোগের পাক্ষিক আয়োজন। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে গতকাল ‘সঙ্গীত ভবন’-এর শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। সহযোগিতায় ছিল প্রথম আলো।
শুরুতে বক্তব্য দেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ শামীমা পারভীন। সংগীত পরিবেশন করেন হাসি বিশ্বাস, সঞ্চিতা দত্ত, আহমেদ জিয়াউর রহমান, আদৃতা আনোয়ার প্রমুখ। নৃত্য পরিবেশন করেন ফারাহ শাওয়ার, ঝুমা বিশ্বাস, শ্রাবণী, মৌ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন বেলায়েত হোসেন।